মাথার উপর একটা আকাশ
দিনে সূর্য–রাতে চাঁদ,
সব আঙিনায়
পরশ ছড়ায়-
মানেনা তো কোনও বাঁধ?
বৃষ্টি যখন ঝরে তখন
সবার আঙিনায় পড়ে,
কোনো বিভেদ মানে বলো
জাত-পাতের বিচার করে?
একই মাটির বুকের উপর
তোলছো দেয়াল কেন ভাই?
তোমার মাটি, আমার মাটি--
একই রকম গন্ধ পাই।
ধর্মের তরে নয় তো মানুষ,
মানুষের তরেই ধর্ম হয়,
তবে কেন চারিদিকে
ধর্ম নিয়ে রক্তক্ষয়?
আয় মানুষ, আয় এক কাতারে,
ভাঙি ঘৃণার সব প্রাচীর,
ধর্ম থাকুক মানবতায়--
রক্ত নয়, হোক শান্তির নীড়।