নৌবাহিনী প্রধানের কার্যালয়ে বাংলাদেশ নৌবাহিনী ও বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদ ২০২৩ এর আয়োজন করা হয়। এতে অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে দেশের স্বাধীনতা এবং সার্বোভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীকে প্রয়োজনীয় প্রস্তুতি রাখার নির্দেশ দিয়েছেন। নৌবাহিনী এবং বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদে দেয়া ভাষণে তিনি এ নির্দেশ দেন। যে কোন দুর্যোগে সশস্ত্র বাহিনীর সদস্যরা সবার পাশে থেকে কাজ করে মানুষের আস্থা অর্জন করেছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ‘স্বপ্ন নয় সত্যি’ বইয়ের মোড়ক উন্মোচন করেন। পরে তিনি নির্বাচনী পর্ষদের সভায় ভাষণ দেন।
এসময় প্রধানমন্ত্রী বলেন, সরকার সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সব ধরনের ব্যবস্থা নিয়েছে। জনগণের আর্থ-সামাজিক অগ্রগতির জন্য বিশ্বের সব দেশের সাথেই বাংলাদেশের সুসম্পর্ক আছে। সরকার সফলভাবে এই সম্পর্ক বজায় রাখতে পেরেছে বলেও জানান প্রধানমন্ত্রী।
সশস্ত্র বাহিনীর বিভিন্ন কাজের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, যে কোন প্রাকৃতিক দুর্যোগেই সশস্ত্রবাহিনীর সদস্য স্থানীয় প্রশাসনের সাথে মিলে কাজ করে যাচ্ছে।
বাংলাদেশ যতো এগিয়ে যাবে, দেশের প্রতিষ্ঠানগুলোও তত উন্নত এবং আধুনিক হবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।