রাজধানীর কদমতলীর কুদার বাজার আদর্শ সড়কে সন্ত্রাসীদের হামলায় শাহাবুদ্দিন (৪০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত ১০টার দিকে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বড় ভাই মহিউদ্দিন আহমেদ জানান, শাহাবুদ্দিন কদমতলী–জুরাইন এলাকায় পরিবারসহ বসবাস করতেন এবং সিলিন্ডার ও ভাঙারি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। রাতে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তবে কারা বা কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি তিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত অবস্থায় এক ব্যবসায়ীকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
এই হত্যাকাণ্ডে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ ঘটনার পেছনের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে।
কী-ওয়ার্ডস:কদমতলী হত্যাকাণ্ড,ব্যবসায়ী নিহত,রাজধানীর অপরাধ