৪৪ জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত, ঘন কুয়াশায় ব্যাহত হতে পারে যোগাযোগ

  • ডেস্ক রিপোর্ট
  • ২০২৬-০১-০৭ ১২:২৫:৩২
image

দেশের বিভিন্ন অঞ্চলে চলমান শীতের দাপট আরও কিছুদিন স্থায়ী হতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে দেশের ৪৪ জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এটি অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।
বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে। টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, নেত্রকোনা, মৌলভীবাজার, লক্ষ্মীপুর, কুমিল্লাসহ রাজশাহী ও রংপুর বিভাগের আট জেলা, খুলনা বিভাগের ১০ জেলা এবং বরিশাল বিভাগের ছয় জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।
আবহাওয়া অফিস আরও জানায়, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে। একই সঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে।
ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে বলেও সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।
সিনপটিক অবস্থায় বলা হয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগর ও এর আশপাশের পূর্ব নিরক্ষীয় ভারত মহাসাগরীয় অঞ্চলে অবস্থানরত একটি সুস্পষ্ট লঘুচাপ একই এলাকায় রয়েছে এবং এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে এগিয়ে ঘনীভূত হতে পারে। পাশাপাশি উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের একটি অংশ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের পশ্চিমাঞ্চলে অবস্থান করছে, যা শৈত্যপ্রবাহের অনুকূল পরিবেশ তৈরি করছে।

কী-ওয়ার্ডস:শৈত্যপ্রবাহ,ঘন কুয়াশা,আবহাওয়া পূর্বাভাস