কারাকাসে উত্তেজনার মধ্যে সংবাদ সংগ্রহ,১৪ সাংবাদিক আটক ও একজন বহিষ্কার

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০১-০৬ ১১:৩৫:২২
image

ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে মাদুরোপন্থী মিছিল ও নতুন আইনসভার শপথগ্রহণ অনুষ্ঠান কাভার করার সময় অন্তত এক ডজনের বেশি সাংবাদিককে সাময়িকভাবে আটক করা হয়েছে। দেশটির রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই এই ঘটনাকে গণমাধ্যমের স্বাধীনতার ওপর নতুন চাপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
সোমবার (৫ জানুয়ারি) ন্যাশনাল ইউনিয়ন অব প্রেস ওয়ার্কার্স (এসএনটিপি) জানায়, ওইদিন মোট ১৪ জন গণমাধ্যমকর্মীকে আটক করা হয়। আটক সাংবাদিকদের অধিকাংশই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে যুক্ত ছিলেন। পরে সবাইকে মুক্তি দেওয়া হলেও একজন বিদেশি সাংবাদিককে ভেনেজুয়েলা থেকে বহিষ্কার করা হয়েছে। তবে এ বিষয়ে দেশটির কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এসএনটিপির তথ্যমতে, মাদুরোপন্থী সমাবেশ এবং নতুন আইনসভার শপথ অনুষ্ঠান ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়। এর মধ্যেই সংবাদ সংগ্রহে নিয়োজিত সাংবাদিকদের আটক করা হলে বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হয়।
উল্লেখ্য, এর একদিন আগেই রাতে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করা হয়। সোমবার তিনি নিউইয়র্কের একটি আদালতে মাদকসন্ত্রাসবাদের অভিযোগে নিজেকে নির্দোষ দাবি করেন। একই সময়ে দেশটির উপ–রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
মাদুরো আটক, অন্তর্বর্তী নেতৃত্বের শপথ এবং সাংবাদিক আটক-সব মিলিয়ে ভেনেজুয়েলায় রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তা আরও ঘনীভূত হচ্ছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

কী-ওয়ার্ডস: ভেনেজুয়েলা সংকট, সাংবাদিক আটক, কারাকাস