নিরাপত্তা ইস্যুতে অনড় বিসিবি,আইসিসির সঙ্গে দ্রুত আলোচনার প্রত্যাশা বুলবুলের

  • স্পোর্টস ডেস্ক
  • ২০২৬-০১-০৫ ২২:২১:৪৬
image

আসন্ন বিশ্বকাপে অংশ নিতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তের পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে শিগগিরই আলোচনায় বসার আশা প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি জানিয়েছেন, নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে এবং বিষয়টি লিখিতভাবে আইসিসিকে জানানো হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে গুলশানে বিএনপির কার্যালয়ে যান বিসিবি সভাপতি। সেখানে শোক বইয়ে স্বাক্ষর শেষে সাংবাদিকদের তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে দলের নিরাপত্তা নিয়ে বিসিবি উদ্বিগ্ন। একাধিক বোর্ড সভার আলোচনার পরই ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় এবং সেই অবস্থান জানিয়ে আইসিসিকে চিঠি ও ইমেইল পাঠানো হয়েছে।
আইসিসির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না এলেও বুলবুল আশাবাদী, দ্রুত একটি বৈঠকের ডাক আসবে। তিনি জানান, বোর্ডের পরবর্তী পদক্ষেপ নির্ভর করবে আইসিসির ফিডব্যাকের ওপর। বিসিবি যে শর্তগুলো তুলে ধরেছে, সেগুলো এমপিএ (মেম্বার্স পার্টিসিপেশন এগ্রিমেন্ট)-এর আওতাভুক্ত বলেও উল্লেখ করেন তিনি। যেহেতু এটি আইসিসির ইভেন্ট, তাই বিসিবি সরাসরি আইসিসির সঙ্গেই যোগাযোগ রাখছে, বিসিসিআইয়ের সঙ্গে নয়।
এদিকে মোস্তাফিজুর রহমানকে আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়ার ঘটনায় বিসিবি কর্মকর্তারা হতাশ। আমিনুল ইসলাম বুলবুল বলেন, মোস্তাফিজ বাংলাদেশের অন্যতম সেরা পেসার, তাকে এভাবে সরিয়ে দেওয়া মানসিকভাবে কষ্টদায়ক। বিসিবি সহ-সভাপতি ফারুক আহমেদও বিষয়টিকে অসম্মানজনক বলে মন্তব্য করেন এবং জানান, রাজনৈতিক কারণেই মোস্তাফিজ আইপিএলে নিজের সামর্থ্য দেখানোর সুযোগ পাচ্ছেন না।
বিশ্বকাপ ইস্যু ও আইপিএল বিতর্কের প্রভাব হিসেবে বাংলাদেশে আইপিএল সম্প্রচার সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিসিবি সভাপতি জানান, ঘরোয়া সম্প্রচার সংক্রান্ত বিষয় বোর্ডের নিয়ন্ত্রণে না থাকলেও সরকারের সিদ্ধান্তকে তারা সম্মান করেন।
আগামী আগস্টে ভারতের বাংলাদেশ সফর নিয়ে প্রশ্ন উঠলেও এ বিষয়ে বিস্তারিত মন্তব্য এড়িয়ে যান বুলবুল। তিনি বলেন, দ্বিপাক্ষিক সিরিজ আর বিশ্বকাপের নিরাপত্তা ইস্যু আলাদা বিষয়; আপাতত বিসিবির মূল লক্ষ্য বিশ্বকাপে দলের নিরাপত্তা নিশ্চিত করা।

কী-ওয়ার্ডস: বিসিবি, বিশ্বকাপ নিরাপত্তা, মোস্তাফিজ আইপিএল