ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগের বিস্তারিত প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি রোববার এসব অভিযোগ তুলে ধরেন বলে জানিয়েছে বিবিসি।
প্রতিবেদন অনুযায়ী, নিকোলাস মাদুরোর বিরুদ্ধে নার্কো-সন্ত্রাসে ষড়যন্ত্র, কোকেন আমদানির পরিকল্পনা, মেশিনগান ও ধ্বংসাত্মক অস্ত্রের অবৈধ দখল এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এসব অস্ত্র ব্যবহারের ষড়যন্ত্রের মতো অভিযোগ আনা হয়েছে। একই মামলায় অভিযুক্ত করা হয়েছে তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকেও।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসব অভিযোগকে যুক্তরাষ্ট্র ও তার নাগরিকদের বিরুদ্ধে পরিচালিত একটি ‘মারাত্মক নার্কো-সন্ত্রাসী অভিযান’ হিসেবে উল্লেখ করেন। তিনি মাদুরোকে ‘অবৈধ স্বৈরশাসক’ আখ্যা দিয়ে জানান, অভিযানের এক সপ্তাহ আগেই তাকে আত্মসমর্পণের আহ্বান জানানো হয়েছিল।
তবে মাদুরো এর আগেও একাধিকবার মাদক কার্টেলের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তিনি এসব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছেন।
অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি বলেন, মাদুরো ও তাঁর স্ত্রীকে যুক্তরাষ্ট্রের মাটিতে, মার্কিন আদালতে আইনের পূর্ণ কঠোরতার মুখোমুখি হতে হবে। এর আগে বিবিসি জানায়, আটক হওয়ার পর মাদুরোকে নিউইয়র্কের ব্রুকলিনে অবস্থিত মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে স্থানান্তর করা হয়েছে। তার আগে তাকে একটি মার্কিন সামরিক ঘাঁটি ও পরে ডিইএর কার্যালয়ে নেওয়া হয়।
কী-ওয়ার্ডস:মাদুরো অভিযোগ, নার্কো-সন্ত্রাস, যুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলা