মাদক-সন্ত্রাসবাদের অভিযোগে নিউইয়র্কে অভিযুক্ত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো,বিমান হামলা ঘিরে উত্ত

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০১-০৩ ২১:০৫:৪৫
image

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে নিউইয়র্কের সাউথ ডিস্ট্রিক্ট আদালতে অভিযুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি। তিনি দাবি করেন, মাদুরোর বিরুদ্ধে মাদক-সন্ত্রাসবাদ, কোকেন আমদানি, অবৈধভাবে মেশিনগান ও ধ্বংসাত্মক ডিভাইস রাখা এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।
এক বিবৃতিতে পাম বন্ডি বলেন, খুব শিগগিরই অভিযুক্তরা আমেরিকার মাটিতে মার্কিন আদালতে বিচারের মুখোমুখি হবেন। তবে মাদুরোর স্ত্রীর বিরুদ্ধে আনা নির্দিষ্ট অভিযোগ সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি। অভিযানে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করে বন্ডি বলেন, আন্তর্জাতিক মাদক পাচারকারীদের ধরতে এটি ছিল একটি অত্যন্ত সফল সামরিক অভিযান।
এর মধ্যেই ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে যুক্তরাষ্ট্রের বিমান হামলার অভিযোগ তুলেছে দেশটির সরকার। প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো জানান, শহরের একাধিক স্থানে গভীর রাতে চালানো হামলায় বেসামরিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহত ও আহতদের সংখ্যা নির্ধারণে তথ্য সংগ্রহের কাজ চলছে বলেও জানান তিনি।
পাদ্রিনো আরও বলেন, ভেনেজুয়েলার ভূখণ্ডে বিদেশি সামরিক উপস্থিতি দেশটি কোনোভাবেই মেনে নেবে না এবং প্রয়োজনে প্রতিরোধ গড়ে তোলা হবে। তবে হামলায় প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি কারাকাস।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়েছে। এই দাবি ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। সাম্প্রতিক এসব ঘটনার ফলে যুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলা সম্পর্ক আরও সংকটের দিকে এগোচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

কীওয়ার্ডস:নিকোলাস মাদুরো,ভেনেজুয়েলা-যুক্তরাষ্ট্র,মাদক সন্ত্রাসবাদ