অ রু ণি মা চ্যা টা র্জী

  • তারা উধাও
  • ২০২৬-০১-০৩ ০৯:১৩:১২
image

খিদের স্মৃতিতে আজও ভাসে খুদের গন্ধ,
ভাতের হাঁড়িতে ইতিহাস কাঁপে !
সামন্ত সময়ের খোলা ক্ষত
আর পুঁজির নখে আঁচড় কাটা বর্তমান
একই থালায় বসে খায়।

কাঁকর বিছানো পথ জানে
কীভাবে রেশনের চালে
পাথরের সঙ্গে সন্ধি হয়,
ক্ষুধা তখন শুধু পেটের নয়,
চেতনাও দাঁত দিয়ে ভাঙে স্বপ্ন।

পুঁজিবাদের তাম্রপত্রে
চঞ্চলা লক্ষ্মী আজ উদ্বাস্তু,
একটু থিতু হওয়ার আশায়
সে ঘুরে বেড়ায় শেয়ার বাজার, বস্তি
আর প্রার্থনাহীন মন্দিরের মাঝে।

কারো কারো অক্ষয় পাষাণ দেবালয়ে
বন্দিনী কমলার অস্ফুট আর্তনাদ
প্রতিধ্বনি হয়ে নামে
রেললাইনের ধারে গড়ে ওঠা জীবনে,
যেখানে জন্মই এক ধরনের প্রতিবাদ।

আসলে গোটা দেশটাই এখন
টুকরো টুকরো বিপ্লবের কর্মশালা !
কেউ হাতুড়ি খোঁজে,
কেউ কাস্তে হারায়,
কেউ শুধু রক্তচাপা পোস্টার সাঁটে দেয়ালে।

অথচ আমার কলম !
সে কি সত্যিই নিষ্কলঙ্ক?
রাতকে নক্ষত্রমালায় সাজিয়ে
চাঁদের কলঙ্ক ঢেকে দিতে চাই,
ভোরের আকাশের চেয়েও শুভ্র
একটা সমাজ এঁকেছিলাম বলে!

নিপুণ শিল্পীর মতো
কলম এঁকেছিল কাস্তে-হাতুড়ির প্রতীক,
কিন্তু যে তারাটা দিক দেখায়,
সে নিখোঁজ।
সে বুঝি এই পৃথিবীর মিথ্যে আকাশ ছেড়ে
মহাজাগতিক অন্ধকারে
পাকাপাকি আশ্রয় নিয়েছে।

তাই কবিতা আজ শুধু প্রশ্ন তোলে !
আলো কি সত্যিই হারিয়ে যায়,
নাকি আমরা তাকানো বন্ধ করেছি?