দক্ষিণ কিভু রক্তাক্ত: ডিআর কঙ্গোতে সহিংসতায় দেড় হাজারের বেশি বেসামরিক নিহত

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০১-০২ ২০:৫৬:০৩
image

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলীয় প্রদেশ দক্ষিণ কিভুতে চলমান সহিংসতায় ডিসেম্বরের শুরু থেকে এখন পর্যন্ত দেড় হাজারের বেশি বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছেন। ক্রমেই বিস্তৃত হয়ে পড়া এই সংঘাত নতুন করে ভয়াবহ মানবিক সংকট তৈরি করছে।
বুধবার (৩১ ডিসেম্বর) কঙ্গো সরকারের প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, কামানিওলা–উভিরা অক্ষ বরাবর সংঘর্ষ সবচেয়ে বেশি তীব্র আকার ধারণ করেছে। সশস্ত্র গোষ্ঠীগুলোর অভিযানের ফলে এসব এলাকায় ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘটনা ঘটছে।
চীনা বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, চলমান নিরাপত্তাহীনতার কারণে পাঁচ লাখেরও বেশি মানুষ তাদের বসতভিটা ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। যুদ্ধের ফ্রন্টলাইন দক্ষিণ দিকে সরে যাওয়ায় উভিরা, ফিজি ও মওয়েঙ্গাসহ দক্ষিণ কিভুর একাধিক অঞ্চল এখন সহিংসতার সরাসরি প্রভাবের মধ্যে পড়েছে।
সরকারের অভিযোগ, অঞ্চলে সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলো আন্তর্জাতিক মানবিক আইন ও বিদ্যমান অঙ্গীকার লঙ্ঘন করে সাধারণ মানুষের ওপর হামলা চালাচ্ছে। বিবৃতিতে রাষ্ট্রীয় কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠা এবং দোষীদের বিরুদ্ধে কূটনৈতিক ও বিচারিক প্রক্রিয়ায় জবাবদিহি নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।
ডিআর কঙ্গোর পূর্বাঞ্চল দীর্ঘদিন ধরেই অস্থিরতায় ভুগছে। ২০২১ সালের শেষ দিকে এম২৩ বিদ্রোহী গোষ্ঠীর পুনরুত্থানের পর পরিস্থিতি আরও অবনতি ঘটে। কিনশাসা বারবার অভিযোগ করে আসছে, প্রতিবেশী দেশ রুয়ান্ডা এই গোষ্ঠীকে সমর্থন দিচ্ছে, যদিও কিগালি এসব অভিযোগ অস্বীকার করে আসছে।

কী-ওয়ার্ডস:দক্ষিণ কিভু,ডিআর কঙ্গো সহিংসতা,বেসামরিক নিহত