ভেনেজুয়েলা সরকার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে আন্দোলনে জড়িত থাকার অভিযোগে আটক ৮৮ জন ভিন্নমতাবলম্বীকে মুক্তি দিয়েছে। বৃহস্পতিবার দেশটির কারা মন্ত্রণালয় এই তথ্য জানায়।
মুক্তিপ্রাপ্তরা ২০২৪ সালের জুলাইয়ে অনুষ্ঠিত বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের পর শুরু হওয়া সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। ওই নির্বাচনে বিরোধী দল নিরঙ্কুশ জয়ের দাবি করলেও মাদুরো নিজেকে তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট ঘোষণা করলে দেশজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ে।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, বিক্ষোভ চলাকালে অন্তত ২৮ জন নিহত হন এবং প্রায় ২ হাজার ৪০০ জনকে আটক করা হয়। পরবর্তীতে ধাপে ধাপে বন্দিদের মুক্তি দিতে শুরু করে সরকার। সর্বশেষ এই মুক্তির মাধ্যমে এখন পর্যন্ত দুই হাজারেরও বেশি মানুষ কারাগার থেকে ছাড়া পেয়েছেন।
কারা কর্তৃপক্ষের দাবি, মুক্তি পাওয়া ব্যক্তিরা ‘চরমপন্থী গোষ্ঠীর সহিংস কর্মকাণ্ডে সম্পৃক্ত’ থাকার অভিযোগে বন্দি ছিলেন। মানবাধিকার সংগঠনগুলোও বৃহস্পতিবার অন্তত ৮৭ জন বন্দির মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে।
বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্রমবর্ধমান কূটনৈতিক ও সামরিক চাপের প্রেক্ষাপটে মাদুরো প্রশাসন সাম্প্রতিক সময়ে কিছুটা নমনীয় অবস্থান নিচ্ছে। এর আগে গত ২৫ ডিসেম্বর শান্তি ও সংলাপের অঙ্গীকার তুলে ধরে আরও ৯৯ জন বন্দিকে মুক্তি দেওয়া হয়েছিল।
কীওয়ার্ডঃভেনেজুয়েলা বিক্ষোভ,মাদুরো সরকার,রাজনৈতিক বন্দি মুক্তি,লাতিন আমেরিকা রাজনীতি