আওয়ামী লীগ থেকে যোগ দিলে পুলিশ,আদালতের দায়িত্ব নেয়ার ঘোষণা চাঁপাইনবাবগঞ্জের জামায়াত নেতার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০১-০২ ১০:০৮:১৩
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
জামায়াত কেন্দ্রীয় কমিটির সদস্য,জোন সহকারী,সাবেক এমপি এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের অন্যতম শীর্ষ নেতা লতিফুর রহমান যারা আওয়ামী লীগ করেন তাঁদের জামায়াতে যোগ দেয়ার আহব্বান জানিয়ে বলেছেন, ‘আমদের দলে আপনারা আওয়ামী লীগ থেকে আসবেন, আপনাদের দায়-দায়িত্ব আমারা নেব। জেলখানা,নবাবগঞ্জ থানার যে কোন দায় দায়িত্ব আমরা নেব। আপনারা আওয়ামী লীগ থেকে জামায়াতে জয়েন করেন। আপনারা বিএনপি থেকে জামায়াতে জয়েন করেন। জামায়াতে ইসলামীকে আইগলা (আগের) জামায়াত মনে করিয়েন না। এখন শক্তিশালী জামায়াত। নবাবগঞ্জের সকল সমস্যা এখন লতিফুর রহমান দেখে। হ্যালো ওসি সাহেব,হ্যালো এসপি সাহেব, হ্যালো ডিআইজি সাহেব। যারা আওয়ামী লীগ থেকে এসেছেন তাঁরা নির্দ্বিদায় এখানে থাকবেন। আপনাদের আইন-আদালত,কোর্ট-কাচারি আমারা দায়িত্ব নেব। আমরা বিএনপিকে দাওয়াৎ দিচ্ছি। হিন্দু ভাইদের দাওয়াৎ দিচ্ছি। আজকে দলে দলে  দাখিল হচ্ছে।  
এ সময় একজনের উদাহরণ দিয়ে লতিফুর রহমান বলেন, সে আওয়ামী লীগে ছিল। এখন জামায়াতে যোগ দিয়েছে।  অপরাধ করেছে?  বরং জাহান্নামের আগুন থেকে বেঁচে গেছে। আমি নিজেও আওয়ামী পরিবারের ছেলে। একাত্তরের শহিদ পরিবারের ছেলে। আমি দেশ স্বাধীনের জন্য ৬৯ সাল থেকে ৭৫ সাল পর্যন্ত কাজ করেছি। আমি ১৯৭৬ সালে মুসলমান হইছি। আমারে মুসলমান বনাইছে ইসলামী ছাত্র শিবির। আজকে যারা আওয়ামী লীগ করত জাময়াতে আসছে,তাঁদের বাড়ি পুলিশ পাঠাচ্ছে। আমি এখান থেকে  বলে দিলাম ডিবি পুলিশকে, এভাবে ডিস্টার্ব করবেন না।  
তিনি বলেন,আপনারা এত বেহুশ হয়ে কথা বলছেন কেন? আপনারা আমাদের রগকাটা পাটি বলছেন কেন?  আমাদেরকে রাজাকার বলছে। মানুষের যখন বলার কোন কথা না থাকে তখন আবোল তাবোল কথা বলে। এগুলো বলবেন না। জনগণ এগুলো খাবে না। নতুন কথা নিয়ে আসেন। আগামীতে কি করবেন সে বক্তব্য নিয়ে আসেন। আগামী দিনে বাংলাদেশে একটা পরিবর্তন হচ্ছে। আমারা চেয়েছিলাম আলেমদের ঐক্য হতে হবে।  আলেম-ইসলামের  নামে যত দল আছে,ঐক্যবদ্ধ হয়েছে। এরপর বিএনপির দুজন মন্ত্রী জামায়াতের সাথে এক হলো। ওদের বলেন, কেন তাঁরা জামায়াতে আসল। তাঁরা বুঝতে পেরেছে,এখানে থেকে লাভ হবে না।
তিনি বলেন, আমাদের ইসলাম সম্পর্কে জানতে হবে। এই অপরাধে আমাদের উপর জুলুম-নির্যাতণ হয়েছে। নেতাদেও ফাঁসি দেয়া হয়েছে,মেরে ফেলা হয়েছে। গুম হয়েছেন আমাদের  ভাইরা।
গত মঙ্গলবার(৩০ডিসেম্বর) বিকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা  ইউনিয়নের ফাটাপাড়া মদনমোড় এলাকায় একটি উঠান বৈঠকে এসব কথা বলেন লতিফুর রহমান।  তাঁর বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ব্যাপারে বৃহস্পতিবার (১ জানুয়ারী) রাত সাড়ে ১১টায় তিনি বলেন, আমি  শুধু আওয়ামী লীগ নয়, বিএনপি ও হিন্দুদেরও দাওয়াৎ দিয়েছি।  ুিতনি  সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহব্বান জানান। এদিকে ওই বক্তব্যের ব্যাপারে জামায়াতের কেন্দ্র থেকে  খোঁজ নেয়া হয়েছে বলে তিনি স্বীকার করেছেন।