রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় খালেদা জিয়া, জিয়া উদ্যানে সম্পন্ন দাফন

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-১২-৩১ ১৯:২৯:৫৯
image

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন হয়েছে। বুধবার বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে জাতীয় সংসদ ভবন সংলগ্ন জিয়া উদ্যানে তাঁর স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
দাফনকালে সবার আগে কবরে নামেন তাঁর জ্যেষ্ঠ পুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজ হাতে তিনি মাকে শেষ বিদায়ে শায়িত করেন। পরে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে মরহুমার প্রতি গার্ড অব অনার প্রদান করা হয়।
এর আগে দুপুর ৩টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউজুড়ে বিপুল মানুষের অংশগ্রহণে বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে কঠোর নিরাপত্তায় জাতীয় পতাকায় মোড়ানো কফিন জিয়া উদ্যানে নেওয়া হয়।
দাফন ও জানাজায় উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, প্রধান বিচারপতি, তিন বাহিনীর প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ, দেশি-বিদেশি অতিথি এবং কূটনৈতিক প্রতিনিধিরা। পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন তারেক রহমান, ডা. জুবাইদা রহমান, জাইমা রহমানসহ স্বজনরা।
মানিক মিয়া এভিনিউ ও আশপাশের কয়েক কিলোমিটার এলাকাজুড়ে লাখো মানুষের ঢলে জনসমুদ্রে পরিণত হয় রাজধানী। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধারণ মানুষ প্রিয় নেত্রীকে শেষবারের মতো বিদায় জানাতে অংশ নেন এই ঐতিহাসিক জানাজায়।
উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া। তাঁর মৃত্যুতে সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।

কী-ওয়ার্ডস:খালেদা জিয়ার দাফন,রাষ্ট্রীয় শোক,মানিক মিয়া এভিনিউ জানাজা