রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল প্রায় ৩টার দিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আবদুল মালেকের ইমামতিতে এই জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় মরহুমার পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ পরিবারের সদস্যরা অংশ নেন। একই সঙ্গে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, বিভিন্ন দেশের প্রতিনিধি, বিদেশি অতিথি, রাজনৈতিক দলের শীর্ষ নেতারা, আলেম-ওলামা এবং বিভিন্ন শ্রেণি-পেশার লাখো মানুষ।
জানাজাকে কেন্দ্র করে পুরো মানিক মিয়া অ্যাভিনিউ জনসমুদ্রে পরিণত হয়। জাতীয় সংসদ ভবনের ভেতরের মাঠ, বাইরের প্রাঙ্গণ ছাড়িয়ে আশপাশের সড়ক ও অলিগলিতেও মানুষের ঢল নামে। প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে ভোর থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্তে জমায়েত হতে থাকেন শোকাহত মানুষ।
নারীদের অংশগ্রহণের জন্য জানাজাস্থলে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়। শান্তিপূর্ণভাবে জানাজা সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত করে।
জানাজা শেষে শেরেবাংলা নগরে স্বামী শহীদ রাষ্ট্রপতি বীর উত্তম জিয়াউর রহমানের সমাধির পাশে রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়াকে দাফন করা হবে। এ সময় পরিবারের সদস্যদের পাশাপাশি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, সরকারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা, বিদেশি অতিথি, কূটনীতিক এবং বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
কী-ওয়ার্ডস:খালেদা জিয়ার জানাজা,মানিক মিয়া অ্যাভিনিউ,রাষ্ট্রীয় মর্যাদা