টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬: জতিন্দর সিংয়ের নেতৃত্বে ওমানের ১৫ সদস্যের দল,বড় চমক আমির কালিম বাদ

  • স্পোর্টস ডেস্ক
  • ২০২৫-১২-৩১ ১০:১০:৪৫
image

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ সামনে রেখে ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে ওমান ক্রিকেট বোর্ড। বৈশ্বিক এই আসরে দলটির অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অভিজ্ঞ ওপেনার জতিন্দর সিং। সহ-অধিনায়কের ভূমিকায় থাকবেন উইকেটরক্ষক ব্যাটার বিনায়ক শুক্লা।
দল ঘোষণার পর সবচেয়ে বড় আলোচনার জন্ম দিয়েছে অলরাউন্ডার আমির কালিমের বাদ পড়া। সদ্য সমাপ্ত এশিয়া কাপে দুর্দান্ত পারফরম্যান্স করলেও বিশ্বকাপ দলে জায়গা হয়নি তার, যা অনেককেই বিস্মিত করেছে।
ঘোষিত স্কোয়াডে নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন অলরাউন্ডার ওয়াসিম আলি, করণ সোনাভালে ও জে ওডেড্রা। পেস আক্রমণ জোরদার করতে দলে যুক্ত করা হয়েছে শফিক জান ও জিতেন রামানান্দিকে। এই তিনজনই এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে ওমানের হয়ে মাঠে নেমেছিলেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ‘বি’-তে ওমানের প্রতিপক্ষ হিসেবে রয়েছে সহ-আয়োজক শ্রীলঙ্কা, শক্তিশালী অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড। আগামী ৯ ফেব্রুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ওমানের বিশ্বকাপ মিশন।
বিশ্বকাপকে সামনে রেখে অভিজ্ঞতা ও নতুন প্রতিভার সমন্বয়ে ভারসাম্যপূর্ণ দল গড়ার চেষ্টা করেছে ওমান, এমনটাই মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ ওমানের স্কোয়াডঃ
জতিন্দর সিং (অধিনায়ক), বিনায়ক শুক্লা (সহ-অধিনায়ক), মোহাম্মদ নাদিম, শাকিল আহমেদ, হাম্মাদ মির্জা, ওয়াসিম আলি, করণ সোনাভালে, ফয়সাল শাহ, নাদিম খান, সুফিয়ান মাহমুদ, জে ওডেড্রা, শফিক জান, আশিস ওডেড্রা, জিতেন রামানান্দি ও হাসনাইন আলি শাহ।

কী-ওয়ার্ডসঃটি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬,ওমান ক্রিকেট দল,জতিন্দর সিং