মানিক মিয়া এভিনিউতে আজ রাষ্ট্রীয় জানাজা,শেরেবাংলা নগরে চিরনিদ্রায় শায়িত হবেন খালেদা জিয়া

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-১২-৩১ ০৯:২০:২০
image

সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের আপসহীন নেত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জানাজার নামাজ আজ বুধবার রাজধানীর মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হবে। বাদ জোহরের পর আনুমানিক দুপুর ২টার দিকে জাতীয় সংসদ ভবনের পশ্চিম পাশের মাঠে এ জানাজা পড়ানো হবে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, জানাজাকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবনের পশ্চিম পাশের মাঠ, ভেতরের ও বাইরের উন্মুক্ত স্থান এবং পুরো মানিক মিয়া এভিনিউ জুড়ে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সংসদ ভবনের পশ্চিম প্রান্তে মরহুমার কফিন রাখা হবে, যেখানে সর্বস্তরের মানুষ শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ পাবেন।
দেশের এই বরেণ্য নেত্রীর জানাজায় নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট রাষ্ট্রীয় দপ্তরগুলো সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করেছে। জানাজায় অংশগ্রহণকারীদের সুবিধার্থে আশপাশের সড়কগুলোতে বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে।
জানাজা শেষে বিকেল সাড়ে ৩টার দিকে শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়াকে দাফন করা হবে। দাফন অনুষ্ঠানে পরিবারের সদস্য, সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, বিদেশি কূটনীতিক ও বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।
দাফন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জিয়া উদ্যান এলাকায় নির্ধারিত ব্যক্তিবর্গ ছাড়া সাধারণ মানুষের প্রবেশ সাময়িকভাবে সীমিত রাখা হয়েছে।

কী-ওয়ার্ডস:খালেদা জিয়ার জানাজা,মানিক মিয়া এভিনিউ,রাষ্ট্রীয় দাফন