খালেদা জিয়ার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দলের গভীর শোক, বিএনপির সাত দিনের কর্মসূচি ঘোষণা

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-১২-৩০ ১০:৩২:৩৫
image

বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। আজ ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
দলের ভেরিফায়েড ফেসবুক পেজে বিএনপি জানায়, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে দল গভীরভাবে শোকাহত এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দল একজন অভিভাবককে হারাল। তিনি এই ক্ষতিকে অপূরণীয় বলে উল্লেখ করেন।
সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম শোকবার্তায় বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। তিনি মহান আল্লাহর কাছে তাঁর জন্য জান্নাতুল ফেরদৌস কামনা করেন।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেন।
জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এক শোকবার্তায় বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বকে হারাল। তিনি শোকসন্তপ্ত পরিবার ও সহকর্মীদের জন্য ধৈর্য কামনা করেন।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম শোক প্রকাশ করে বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনে বেগম খালেদা জিয়ার সাহসী ও আপসহীন নেতৃত্ব গণতন্ত্র প্রতিষ্ঠার পথে দেশবাসীকে অনুপ্রাণিত করেছে। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন ভবিষ্যৎ প্রজন্মের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে বলেও মন্তব্য করেন তিনি।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি শোকবার্তায় বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবসান হলো।
এদিকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আজ সকালে এভারকেয়ার হাসপাতালে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, এই সময় দলের কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, নেতাকর্মীদের কালো ব্যাজ ধারণ এবং সাত দিনব্যাপী কোরআন তেলাওয়াতসহ বিভিন্ন ধর্মীয় কর্মসূচি পালন করা হবে।

কী-ওয়ার্ডস:খালেদা জিয়া ইন্তেকাল,রাজনৈতিক নেতাদের শোক,বিএনপির শোক কর্মসূচি