খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-১২-৩০ ১০:২৪:৫৯
image

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন ও গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। এক শোকবার্তায় তিনি বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি একজন মহান অভিভাবককে হারাল। এই ক্ষতি অপূরণীয়।
প্রধান উপদেষ্টা বলেন, বেগম খালেদা জিয়া কেবল একটি রাজনৈতিক দলের নেত্রী ছিলেন না; তিনি ছিলেন বাংলাদেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। তাঁর দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, অবদান এবং জনগণের আবেগের প্রতি সম্মান জানিয়ে চলতি মাসে সরকার তাঁকে রাষ্ট্রের অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করে।
ড. ইউনূস উল্লেখ করেন, গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে বেগম খালেদা জিয়ার ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর আপসহীন নেতৃত্ব বহু সংকটকালে জাতিকে প্রেরণা জুগিয়েছে এবং গণতন্ত্রহীন অবস্থা থেকে মুক্তির পথ দেখিয়েছে।
শোকবার্তায় তিনি বলেন, নানা মতপার্থক্য থাকা সত্ত্বেও দেশের কল্যাণে বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক যাত্রা, গণমুখী নেতৃত্ব ও দৃঢ় মনোবল রাজনৈতিক অঙ্গনকে দিকনির্দেশনা দিয়েছে। তাঁর মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ ও পরীক্ষিত রাষ্ট্রনায়ককে হারাল।
প্রধান উপদেষ্টা স্মরণ করিয়ে দেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি স্বৈরশাসনের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মৃত্যুর পর গৃহবধূ থেকে রাজনীতির ময়দানে এসে এরশাদবিরোধী আন্দোলনে তাঁর বলিষ্ঠ ভূমিকা ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে।
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে নারীদের জন্য অবৈতনিক শিক্ষা ও উপবৃত্তি চালু হয়, যা নারী শিক্ষার অগ্রগতিতে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত। ১৯৯১ সালে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে অর্থনৈতিক উদারীকরণের মাধ্যমে তিনি দেশের অর্থনীতির একটি মজবুত ভিত্তি স্থাপন করেন।
ড. ইউনূস বলেন, রাজনৈতিক জীবনে বেগম খালেদা জিয়া ছিলেন ব্যতিক্রমীভাবে সফল। তিনি কখনো কোনো নির্বাচনে পরাজিত হননি এবং একাধিক আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে অনন্য নজির স্থাপন করেন। একই সঙ্গে তিনি ফ্যাসিবাদী শাসনামলে সংগ্রাম ও প্রতিরোধের প্রতীক হয়ে ওঠেন।
শোকবার্তায় প্রধান উপদেষ্টা বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার কথা উল্লেখ করে বলেন, মিথ্যা ও বানোয়াট মামলায় তাঁকে দীর্ঘ কারাবাস করতে হয়েছে। তবুও তাঁর আপসহীন ভূমিকা জাতিকে বারবার সাহস জুগিয়েছে।
শেষে তিনি বেগম খালেদা জিয়ার শোকসন্তপ্ত পরিবার ও বিএনপির নেতাকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান এবং এই শোকের সময়ে দেশবাসীকে শান্ত ও ধৈর্য ধারণের আহ্বান জানান। একই সঙ্গে তিনি সবাইকে তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া করার অনুরোধ করেন।

কী-ওয়ার্ডস:খালেদা জিয়া ইন্তেকাল,ড. মুহাম্মদ ইউনূস শোক,বাংলাদেশ রাজনীতি