শপথ নিয়ে বিচার বিভাগের নেতৃত্বে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-১২-২৮ ১৯:১১:৫২
image

বাংলাদেশের বিচার বিভাগের সর্বোচ্চ দায়িত্বে আনুষ্ঠানিকভাবে আসীন হয়েছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। রোববার (২৮ ডিসেম্বর) সকালে বঙ্গভবনে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে শপথ গ্রহণের মাধ্যমে তিনি দেশের ২৬তম প্রধান বিচারপতির দায়িত্ব নেন।
শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে তার নিয়োগ কার্যকর হয়। এর আগে গত ২০ ডিসেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তাকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়ার ঘোষণা দেওয়া হয়। সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে এই নিয়োগ দেওয়া হয় বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
দীর্ঘ প্রায় চার দশকের বিচারিক অভিজ্ঞতা নিয়ে দায়িত্বে আসা বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ১৯৮৫ সালে জজ কোর্টে আইন পেশায় যাত্রা শুরু করেন। ১৯৮৭ সালে তিনি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।
২০০৩ সালের ২৭ আগস্ট তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান এবং দুই বছর পর স্থায়ী বিচারপতির দায়িত্ব লাভ করেন। পরবর্তীতে ২০২৪ সালের ১২ আগস্ট তিনি আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নেন।
শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (সম্মান) ও এলএলএম ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি যুক্তরাজ্যে আন্তর্জাতিক আইনে এলএলএম সম্পন্ন করে বিচারিক দক্ষতা আরও সমৃদ্ধ করেন।

কী ওয়ার্ডস:প্রধান বিচারপতি,জুবায়ের রহমান চৌধুরী,বঙ্গভবনে শপথ