ধানের শীষে ভোটের লড়াইয়ে নামছেন রাশেদ খাঁন, অনুমতি দিল গণঅধিকার পরিষদ

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-১২-২৬ ২২:৪৬:২১
image

বিএনপিতে যোগ দিয়ে ‘ধানের শীষ’ প্রতীকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। এ বিষয়ে দলের আনুষ্ঠানিক অবস্থান তুলে ধরেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে দেওয়া এক বার্তায় নুরুল হক নুর জানান, ঝিনাইদহ-৪ আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে কৌশলগত সিদ্ধান্ত হিসেবে রাশেদ খাঁনকে দল থেকে অনুমতি দেওয়া হয়েছে। তিনি বলেন, রাশেদ খাঁন বিএনপির প্রতীক ধানের শীষে নির্বাচন করবেন।
নুর আরও জানান, নির্বাচনে অংশগ্রহণের আগে রাশেদ খাঁন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করবেন। একই সঙ্গে শিগগিরই দলটির একজন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিয়োগ দেওয়া হবে বলেও জানান তিনি।
এ বিষয়ে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, রাশেদ খাঁন বিএনপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং ধানের শীষ প্রতীকেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। গণঅধিকার পরিষদের নতুন সাধারণ সম্পাদক কে হবেন, তা নির্বাহী পরিষদ ও উচ্চতর পরিষদের বৈঠকের মাধ্যমে চূড়ান্ত করা হবে।
রাজনৈতিক অঙ্গনে এ সিদ্ধান্তকে আসন্ন নির্বাচনের আগে বিরোধী জোটের কৌশলগত সমন্বয়ের অংশ হিসেবে দেখা হচ্ছে।

কীওয়ার্ডঃরাশেদ খাঁন,ধানের শীষ,গণঅধিকার পরিষদ