বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানীতে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত ভোগান্তি ও জনদুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ দুঃখপ্রকাশ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমান পরিবারসহ দেশে ফিরে আসেন। তাকে অভ্যর্থনা জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মানুষ ঢাকায় সমবেত হন। এতে রাজধানী কার্যত জনসমুদ্রে পরিণত হয়।
বিএনপি জানায়, বিপুল সংখ্যক মানুষের উপস্থিতির কারণে ঢাকা মহানগরীতে স্বাভাবিক জনজীবনে কষ্ট ও দুর্ভোগ সৃষ্টি হয়েছে, যা দলের জন্য অত্যন্ত বেদনাদায়ক। এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য বিএনপি গভীরভাবে মর্মাহত এবং সংশ্লিষ্ট সবাইয়ের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।
দলটি ভবিষ্যতে এ ধরনের কর্মসূচি আয়োজনের ক্ষেত্রে জনসাধারণের ভোগান্তি এড়াতে আরও সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।
কীওয়ার্ডঃতারেক রহমান প্রত্যাবর্তন,বিএনপির দুঃখপ্রকাশ,রাজধানী জনদুর্ভোগ