খান ইউনিসের ধ্বংসস্তূপে মিলল ২৫ মরদেহ, উদ্ধারকৃতদের মধ্যে নারী সাংবাদিক

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-১২-২৬ ১৪:৩৫:৪৬
image

গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসে ইসরায়েলি হামলায় বিধ্বস্ত এলাকা থেকে আরও ২৫ জন ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করেছে গাজার সিভিল ডিফেন্স। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) পরিচালিত অভিযানে এসব মরদেহ ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের মধ্যে একজন নারী সাংবাদিকও রয়েছেন বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ফিলিস্তিনের সাফা সংবাদ সংস্থাকে দেওয়া এক বিবৃতিতে সিভিল ডিফেন্স জানায়, ফরেনসিক দলের সহায়তায় মরদেহগুলো শনাক্ত ও উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে সাংবাদিক হিবা আল-আবাদলে এবং তাঁর মা রয়েছেন। তারা চলতি বছরের জানুয়ারিতে খান ইউনিসে চালানো ইসরায়েলি হামলায় নিহত হন। পরে তাদের মরদেহ সরকারি কবরস্থানে দাফন করা হয়েছে।
সিভিল ডিফেন্স আরও জানায়, ইসরায়েলের দীর্ঘস্থায়ী অবরোধের কারণে উদ্ধার কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ভারী যন্ত্রপাতি প্রবেশের অনুমতি না থাকায় সাধারণ ও প্রাথমিক সরঞ্জাম এবং কিছু পুরোনো ভারী যন্ত্র ব্যবহার করেই ধ্বংসস্তূপ সরাতে হচ্ছে। অক্টোবরে ঘোষিত সাময়িক যুদ্ধবিরতির পরও প্রয়োজনীয় যন্ত্রপাতি না পাওয়ায় উদ্ধার কাজ ঝুঁকিপূর্ণ ও ধীরগতির হয়ে পড়েছে।
এদিকে বিশেষায়িত চিকিৎসা ও ডিএনএ পরীক্ষার সরঞ্জামের অভাবে নিহতদের পরিচয় শনাক্ত করতে ভুক্তভোগী পরিবারগুলো মরদেহের অবশিষ্ট চিহ্ন, পোশাক কিংবা ব্যক্তিগত সামগ্রীর ওপর নির্ভর করতে বাধ্য হচ্ছে।
জাতীয় নিখোঁজ কমিটির তথ্য অনুযায়ী, গাজায় এখনও ১০ হাজারের বেশি মানুষ ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ রয়েছেন। কমিটি গাজাকে বিশ্বের সবচেয়ে বড় ‘গণকবর’ হিসেবে আখ্যা দিয়েছে। অক্টোবর ২০২৩ থেকে শুরু হওয়া সংঘাতের পর ইসরায়েলের ধারাবাহিক হামলায় এখন পর্যন্ত ৭১ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। একই সময়ে আহত হয়েছেন এক লাখ ৭১ হাজারের বেশি ফিলিস্তিনি।

কীওয়ার্ডঃখান ইউনিস,গাজা ধ্বংসস্তূপ,ফিলিস্তিনি নিহত