দাগনভূঞায় বিষপানে যুবকের মৃত্যু,পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

  • ইমাম হোসেন খাঁন
  • ২০২৫-১২-২৬ ১১:২৬:১৩
image

দাগনভূঞা প্রতিনিধি।
ফেনীর দাগনভূঞা উপজেলায় জায়লস্কর ইউনিয়নের দক্ষিণ বারাহীগুনি গ্রামে
মোহাম্মদ ফারুক(৩৫) নামে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে।
সোমবার চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যু বরণ করেন। এ দিকে পরিবারের দাবি তাকে শ্বাসরোধ ও বিষপ্রয়োগে হত্যা করা হয়েছে।
এ বিষয়ে নিহতের মা নুরুর নাহার দাগনভূঞা থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন। তিনি   অভিযোগ করে বলেন, তার ছেলের স্ত্রী দীর্ঘদিন ধরে প্রতিবেশী কয়েকজনের সঙ্গে অবৈধ সম্পর্কের মধ্যে জড়িত ছিলেন। বিষয়টি প্রকাশ হলে পারিবারিকভাবে বিরোধ সৃষ্টি হয়।
অভিযোগে আরও বলা হয়েছে, ঘটনার রাতের আগে অভিযুক্তরা ফারুককে বাড়ি থেকে ডেকে নিয়ে হুমকি দিয়েছিল। পরদিন তাকে মারধর ও শ্বাসরোধ করে অচেতন করা হয় এবং পরে তার মুখে জোরপূর্বক বিষ ঢেলে দেওয়া হয়।
স্থানীয়রা জানান, মোহাম্মদ ফারুক সহজ,সরল প্রকৃতির ছিলেন এবং তাকে ফাঁদে ফেলে হত্যা করা হয়েছে। তারা দ্রুত সুষ্ঠু তদন্ত এবং দোষীদের আইনের আওতায় আনার দাবি করেছেন।
দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ ফয়েজুল আজিম নোমান গণমাধ্যমকে বলেন, নিহতের লাশ ময়নাতদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু দায়ের করা হয়েছে।  অভিযোগটি গুরুত্ব সহকারে তদন্ত করা হবে।
ভিকটিমের পরিবার, এলাকাবাসী ও আত্মীয়রা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।