এ স এ ম আ জা দ হো সে ন

  • নেতা
  • ২০২৫-১২-২৫ ২১:০২:০০
image

নেতা সে নয়
যে সবার আগে মঞ্চে ওঠে,
নেতা সে-
যে সবার শেষে ভয়টাকে নামিয়ে রাখে।

তার কণ্ঠে স্লোগান কম,
দায়িত্ব বেশি।
চোখে প্রতিশ্রুতি নয়,
চোখে থাকে আগামী দিনের হিসাব।

নেতা হেঁটে চলে
মানুষের ভিড়ের মাঝখান দিয়ে,
পেছনে তাকায় না-
কারণ জানে, কেউ না কেউ ঠিকই আসছে।

তার চারপাশে নিরাপত্তা থাকতে পারে,
কিন্তু সিদ্ধান্তে থাকে ঝুঁকি।
সে জানে,
সবাইকে খুশি করা যায় না,
তবু কাউকে অবহেলা করা যায় না।

নেতা ইতিহাসের পাতায়
নিজের নাম লেখে না,
লিখে রাখে মানুষের মুখে মুখে
একটা সাহসী সময়।

যখন আলো নিভে যায়,
মাইক বন্ধ হয়,
ঠিক তখনই বোঝা যায়-
নেতা কে,
আর কে শুধু ভিড়ের শব্দ।