দীর্ঘ ১৭ বছরের বেশি সময় পর দেশে ফিরে রাজধানীর পূর্বাচলের ‘জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে’ এলাকায় আয়োজিত গণসংবর্ধনার মঞ্চে উঠেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে বিমানবন্দর থেকে আসা বাস থেকে নেমে তিনি সংবর্ধনা মঞ্চে ওঠেন।
মঞ্চে উঠেই উপস্থিত লাখো মানুষের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান তারেক রহমান। এ সময় সারাদেশ থেকে আগত নেতাকর্মী ও সমর্থকদের উচ্ছ্বাসে পুরো এলাকা মুখর হয়ে ওঠে। প্রিয় নেতাকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগানে সংবর্ধনাস্থল উৎসবমুখর পরিবেশে রূপ নেয়।
এর আগে বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটে তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে তিনি লাল-সবুজ রঙে সজ্জিত একটি বাসে করে গণসংবর্ধনাস্থলের উদ্দেশে রওনা হন। বাসটির সামনে লেখা ছিল ‘সবার আগে বাংলাদেশ’।
সকালের দিক থেকেই বিমানবন্দর থেকে পূর্বাচল পর্যন্ত সড়কের দুই পাশে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অবস্থান নেন। তারা হাত নেড়ে, স্লোগান দিয়ে তারেক রহমানকে স্বাগত জানান। তাদের অভিবাদনের জবাব দিতে বাসের সামনের উইন্ডশিল্ডের কাছে দাঁড়িয়ে তিনি বারবার হাত নেড়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দীর্ঘ নির্বাসন শেষে তারেক রহমানের এই গণসংবর্ধনা বিএনপির নেতাকর্মীদের কাছে আবেগঘন মুহূর্তে পরিণত হয়েছে। দলীয় সূত্র বলছে, এই উপস্থিতি আগামী দিনের রাজনীতিতে নতুন বার্তা বহন করছে।
কীওয়ার্ডসঃতারেক রহমান,গণসংবর্ধনা,৩০০ ফিট