মহেশখালী কক্সবাজার
পর্যটনের ভরা মৌসুমে মহেশখালীর বিভিন্ন পর্যটন স্পটে দেশি-বিদেশি পর্যটকদের আনাগোনা বেড়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে কক্সবাজার টু মহেশখালী নৌপথে চলাচলরত স্পিডবোট চালকদের বিরুদ্ধে কৃত্রিম সংকট সৃষ্টি ও যাত্রী হয়রানির অভিযোগ উঠেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন পর্যটকসহ স্থানীয় যাত্রীরা।
দ্রুতগামী যান হওয়ায় স্পিডবোটের চাহিদা থাকলেও নিয়মবহির্ভূত পরিচালনা, অতিরিক্ত যাত্রী বহন ও অসদাচরণের কারণে যাত্রীদের নিরাপত্তা মারাত্মক ঝুঁকিতে পড়ছে। অভিযোগ রয়েছে, প্রতিবাদ করলেই চালকরা যাত্রীদের সঙ্গে রূঢ় আচরণ করছেন।
২৪ ডিসেম্বর (বুধবার) সরেজমিনে কক্সবাজার–মহেশখালী নৌঘাট এলাকা ঘুরে দেখা যায়, ঘাটের দুই পাশে বিপুলসংখ্যক যাত্রী ও পর্যটক ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। শিশু, নারী ও বয়স্ক যাত্রীদের নিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করেও স্পিডবোট না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন অনেকে।
নিয়ম অনুযায়ী কক্সবাজার ঘাট থেকে যাত্রী নিয়ে মহেশখালীর গোরকঘাটা ঘাটে বোট নোঙর করার কথা থাকলেও অনেক চালক পর্যটকদের ভুল বুঝিয়ে অল্প টাকার প্রলোভন দেখিয়ে আদিনাথ জেটিতে নামিয়ে দিচ্ছেন। এতে গোরকঘাটা ঘাটে যাত্রীদের ভোগান্তি আরও বেড়ে যাচ্ছে।
ভুক্তভোগী পর্যটকরা অভিযোগ করে বলেন, স্পিডবোট চালকদের আচরণ অত্যন্ত বাজে। তারা যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং নিয়ম না মেনে অতিরিক্ত যাত্রী বহন করে ঝুঁকিপূর্ণভাবে পারাপার করান।
ঢাকা থেকে আসা পর্যটক রাশেদ মাহমুদ বলেন,
“পরিবার নিয়ে সকাল থেকে ঘাটে দাঁড়িয়ে আছি। ড্রাইভাররা ঠিকমতো কথা বলে না, বরং চিৎকার করে। নিয়ম মানার কোনো বালাই নেই।”
চট্টগ্রামের বাসিন্দা পর্যটক নাজমুল হক বলেন,
“বোটে নির্ধারিত সংখ্যার দ্বিগুণ যাত্রী তুলছে। ভয় পেলেও কিছু বলতে পারছি না। প্রতিবাদ করলে চালকরা রেগে যায়।”
মহেশখালীর স্থানীয় বাসিন্দা ও কর্মজীবী যাত্রী আবদুল করিম বলেন, “প্রতিদিন এই দুর্ভোগ সহ্য করতে হয়। সকালে বোট না পেলে কাজে যেতে পারি না। ড্রাইভারদের কোনো জবাবদিহিতা নেই।”
ঘাটে দায়িত্বরত লাইনম্যান মোজাহিদ জানান,
“স্পিডবোট চালকদের একটি সিন্ডিকেটের কারণে প্রতিদিন গোরকঘাটা ঘাটে যাত্রীদের দুর্ভোগ বাড়ছে। কক্সবাজার থেকে যাত্রী নিয়ে গোরকঘাটায় না এসে আদিনাথ জেটিতে নামিয়ে দিচ্ছে। একাধিকবার সতর্ক করা হলেও তারা মানছে না।”
এ বিষয়ে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান মাহমুদ ডালিম বলেন,
“স্পিডবোট সংক্রান্ত বিষয়টি আমার জানা আছে। তবে এটি ইজারা দেওয়া অবস্থায় পরিচালিত হচ্ছে। ফলে বিষয়টি পৌর কর্তৃপক্ষ বা উপজেলা প্রশাসনের সরাসরি নিয়ন্ত্রণাধীন নয়।”
ইজারা কর্তৃপক্ষের প্রতিনিধি মজিদ বলেন,“স্পিডবোট চালকদের অনিয়ম ও যাত্রী হয়রানির বিষয়টি আমরা অবগত। এ বিষয়ে লিখিত ও মৌখিকভাবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) কক্সবাজার কার্যালয়কে একাধিকবার জানানো হয়েছে। কিন্তু এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।”
তিনি আরও বলেন, “বিআইডব্লিউটিএর তদারকি ও আইনগত ব্যবস্থা ছাড়া চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। দ্রুত পদক্ষেপ না নিলে যাত্রীদের দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়বে।”
এদিকে যাত্রী ও স্থানীয়রা অভিযোগ করেন, ইজারার আড়ালে স্পিডবোট চালকরা সম্পূর্ণ স্বেচ্ছাচারিতা করছে। দ্রুত প্রশাসনিক নজরদারি, নির্দিষ্ট সময়সূচি, যাত্রীসংখ্যা নিয়ন্ত্রণ এবং নির্ধারিত ঘাটে নোঙর নিশ্চিত না করা হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
ভুক্তভোগীরা অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ দাবি করেছেন।