জুবায়ের রহমান চৌধুরী হলেন বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-১২-২৪ ১১:৩৪:০২
image

বাংলাদেশের বিচার বিভাগে নেতৃত্বের নতুন অধ্যায় শুরু হলো। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার ২৪ ডিসেম্বর আইন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৯৫ অনুচ্ছেদের ১ দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি তাকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন। শপথ গ্রহণের দিন থেকেই তার দায়িত্ব কার্যকর হবে।
আইন মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম এর আগে জানিয়েছিলেন, নতুন প্রধান বিচারপতি আগামী রোববার শপথ গ্রহণ করবেন। বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ আগামী শনিবার অবসরে যাচ্ছেন। সুপ্রিম কোর্টের বার্ষিক ছুটি শুরু হওয়ায় গত বৃহস্পতিবার ছিল তার শেষ কর্মদিবস। ওই দিন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের পক্ষ থেকে তাকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।
নবনিযুক্ত প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ১৯৬১ সালের ১৮ মে জন্মগ্রহণ করেন। তার পিতা প্রয়াত এএফএম আবদুর রহমান চৌধুরীও সুপ্রিম কোর্টের বিচারক ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি অনার্স ও এলএলএম ডিগ্রি অর্জনের পর যুক্তরাজ্যে আন্তর্জাতিক আইনে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন।
আইন পেশায় তার যাত্রা শুরু হয় ১৯৮৫ সালে জজ কোর্টে। পরে ১৯৮৭ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৩ সালের ২৭ আগস্ট তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান এবং দুই বছর পর তার নিয়োগ স্থায়ী হয়।

কীওয়ার্ডসঃপ্রধান বিচারপতি,সুপ্রিম কোর্ট,আইন মন্ত্রণালয়