চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবঞ্জের গোমস্তাপুর উপজেলায় একটি অটোরাইস মিল চত্বরে মাথায় করে কাঠের সিঁড়ি বেয়ে ট্রাকে ধানের তুষের বস্তা লোড করার সময় ট্রাক থেকে পড়ে গিয়ে এত্তাব আলী(৬৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি গোমস্তাপুরের আলীনগর ইউনিয়নের ইমামনগর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়,গত মঙ্গলবার(২৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে ট্রাক থেকে নামার সময় অসাবধানতাবশত: মাটিতে পড়ে গিয়ে ঘটনাস্থলে আহত হন এত্তাব। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) একরামুল হক বলেন, খবর পেয় পুলিশ মরদেহ উদ্ধার ও ঘটনাস্থল পরিদর্শন করে। পরে প্রয়োজনীয় আইনী প্রক্রিয়া শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃুত্য মামলা হয়েছে বলেও জানান ওসি।