ইরান হামলা করলে কঠোর জবাব দেবে ইসরায়েল: নেতানিয়াহু

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-১২-২৩ ০৯:১৬:৪৮
image

ইরান যদি ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়, তাহলে তার প্রতিক্রিয়া হবে অত্যন্ত কঠোর—এমন হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার সাইপ্রাসের প্রেসিডেন্ট ও গ্রিসের প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
নেতানিয়াহু বলেন, সাম্প্রতিক সময়ে ইরানের সামরিক তৎপরতা ইসরায়েলের গভীর পর্যবেক্ষণে রয়েছে। ইরানি গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, তেহরান, ইসফাহান ও মাশহাদ থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের দাবি করা হলেও দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে এর কোনো দৃশ্য প্রকাশ করা হয়নি।
ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জানিয়েছে, আগামী ২৯ ডিসেম্বর যুক্তরাষ্ট্র সফরে গিয়ে নেতানিয়াহু ইরান ইস্যুতে সম্ভাব্য সামরিক বিকল্পগুলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে তুলে ধরবেন। একই সঙ্গে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও সংশ্লিষ্ট সর্বশেষ গোয়েন্দা তথ্যও তিনি উপস্থাপন করবেন।
এর আগে ইসরায়েলি সেনাপ্রধান জেনারেল আইয়াল জামির যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান ব্র্যাড কুপারের সঙ্গে বৈঠক করেন। সেখানে তিনি সতর্ক করে বলেন, ইরানের সাম্প্রতিক সামরিক মহড়াগুলো আকস্মিক হামলার প্রস্তুতির অংশ হিসেবেও ব্যবহৃত হতে পারে।
মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান এই উত্তেজনা আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে বলে বিশ্লেষকরা মনে করছেন।


কীওয়ার্ডসঃইসরায়েল-ইরান উত্তেজনা,নেতানিয়াহু হুঁশিয়ারি,ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র