এসআইআর বিতর্কে উত্তাল বাংলা,দিল্লি দখলের হুঁশিয়ারি মমতার

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-১২-২২ ২২:০০:৪৭
image

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকার স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (এসআইআর) ঘিরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে উঠেছে। এই পরিস্থিতিতে বিজেপিকে কড়া বার্তা দিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বাংলার পর দিল্লিও দখলে নেবে তৃণমূল কংগ্রেস।
সোমবার (২২ ডিসেম্বর) কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের কর্মীসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়েই মূলত বিতর্কের সূত্রপাত। বিহারের পর পশ্চিমবঙ্গেও এসআইআর কার্যক্রম চালানোর সিদ্ধান্তে বিরোধী দলগুলোর মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এর আগে বিহারে ভোটার তালিকা থেকে প্রায় ৫২ লাখ মানুষের নাম বাদ দেওয়া হয়েছে, যা নিয়ে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে বলে বিরোধীদের অভিযোগ।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, নির্বাচন কমিশন পরিকল্পিতভাবে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে। তিনি দাবি করেন, এই প্রক্রিয়াকে কেন্দ্র করে ইতোমধ্যে ৪৬ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে অর্ধেকের বেশি হিন্দু সম্প্রদায়ের মানুষ।
১৯৮৭ সালের পর জন্ম নেওয়া নাগরিকদের ক্ষেত্রে ভোটার তালিকায় নাম রাখতে নাগরিকত্ব প্রমাণে নিজের ও বাবা-মায়ের মোট ১২টি নথি জমা দেওয়ার নির্দেশ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন মমতা। তার ভাষায়, জনগণনার আগেই এসআইআর চালানো সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত।
বিজেপিকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, বাংলা জিতে তারা দিল্লিও দখল করবেন এবং বিজেপি সরকার পতন হবে। তিনি ভোটারদের বিজেপিকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ভয় পাওয়ার কোনো কারণ নেই এবং বাংলায় কোনো ডিটেনশন ক্যাম্প হবে না।
এসআইআর-এর খসড়া তালিকায় পশ্চিমবঙ্গে প্রায় ৫৮ লাখ ভোটারের নাম বাদ পড়ার প্রসঙ্গে মমতা দলীয় নেতাকর্মী, বিধায়ক ও কাউন্সিলরদের নির্দেশ দেন, যাদের নামে অসঙ্গতি এসেছে বা শুনানির নোটিশ দেওয়া হয়েছে, তাদের পাশে দাঁড়াতে হবে।
কর্মীসভায় আবেগঘন কণ্ঠে তিনি বলেন, প্রয়োজনে নিজের জীবন গেলেও তিনি মানুষের পক্ষে কথা বলা বন্ধ করবেন না।

কীওয়ার্ডসঃএসআইআর বিতর্ক,মমতা বন্দ্যোপাধ্যায়,ভোটার তালিকা