ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাহিত শহীদ শরিফ ওসমান হাদি, শোকে স্তব্ধ নগর

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-১২-২০ ২৩:০৩:০০
image

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি চিরনিদ্রায় শায়িত হলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে। শনিবার সকালে দাফনকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও রাজধানীর বিভিন্ন স্থানে নেমে আসে গভীর শোকের আবহ।
শনিবার বেলা সাড়ে ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদসংলগ্ন এলাকায় কবর খননের কাজ শুরু হয়। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ, ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলমসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও প্রক্টরিয়াল টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।
কবর খননে অংশ নেওয়া এক শ্রমিক বলেন, হাদির জন্য কবর খুঁড়তে গিয়ে তাদের হৃদয় ভারী হয়ে উঠেছে। তাঁর ভাষায়, হাদি ছিলেন দেশপ্রেমে উদ্বুদ্ধ একজন মানুষ, যিনি সাধারণ মানুষের দুঃখ-কষ্ট গভীরভাবে অনুভব করতেন।
এর আগে শনিবার দুপুর দুইটায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে হাদির প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁর মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নেওয়া হয় দাফনের জন্য।
জানাজার আগে বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, আজ আমরা শুধু একজন মানুষকে বিদায় দিচ্ছি না, হাদি আমাদের চিন্তা ও চেতনায় বেঁচে থাকবেন।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হলে বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর মৃত্যুতে শনিবার রাষ্ট্রীয়ভাবে একদিনের শোক পালন করা হয়।

কীওয়ার্ডসঃশরিফ ওসমান হাদি,ঢাকা বিশ্ববিদ্যালয়,রাষ্ট্রীয় শোক