হামলা ছিল চোরাগোপ্তা পদ্ধতির,হুমকি সত্ত্বেও পদক্ষেপ নেয়নি প্রশাসন

  • মঞ্জুর মোর্শেদ মিল্টন
  • ২০২৫-১২-২০ ২২:০৮:৪৬
image

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর বিক্ষোভ সমাবেশ থেকে কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনাটি নব্য ফ্যাসিবাদী আক্রমণ বলে উল্লেখ করা হয়েছে। উগ্র ডানপন্থী গোষ্ঠীর অব্যাহত উসকানিমূলক বক্তব্য এবং উদীচীর নাম ধরে ছাত্র শিবির নেতাদের দেয়া হুমকির ধারাবাহিকতায় এই ন্যক্কারজনক হামলা সংগঠিত হয়েছে। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, উদীচীর কার্যালয় সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গেছে। অগ্নিসংযোগের ঘটনাটি ছিল একটি চোরাগোপ্তা হামলা। হামলাকারীরা আগ্নেয়াস্ত্র বহন করেছে এবং দোতলার সিড়ি বেয়ে উঠে জানলার কাঁচ ভেঙ্গে দাহ্য পদার্থ দিয়ে ভেতরে আগুন জ্বালিয়ে দেয়। খুব অল্প সময়ের মধ্যে তিনটি ব্যাটারি চালিত রিকশায় তারা স্থান ত্যাগ করে বলে প্রত্যক্ষদর্শীরা বলেছেন।  এমন হামলার হুমকির কথা জানা সত্ত্বেও প্রশাসন কোন প্রতিরোধ্মূলক পদক্ষেপ গ্রহণ করেনি। বরং সরকারের উদ্দেশ্যমূলক উদাসীনতা দেখে মনে হয়েছে এমন হামলা, নৈরাজ্য, প্রাণহানির জন্য উৎসাহ যোগানো হচ্ছে।  
বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী কেন্দ্রীয় সংসদের উদ্যোগে আজ ২০ ডিসেম্বর ২০২৫, শনিবার, তোপখানা রোডের সত্যেন সেন চত্ত্বরে উদীচী, ছায়ানট, প্রথম আলো, ডেইলি স্টারসহ সারা দেশে নব্য ফ্যাসিবাদী হামলা, অগ্নিসংযোগ ও ভাংচুরের প্রতিবাদে সংস্কৃতিকর্মী সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। উদীচী কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উদীচীর সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন, সহ সাধারণ সম্পাদক রহমান মুফিজ, সাংগঠনিক সম্পাদক আরিফ নূর, প্রমুখ।    
নেতৃবৃন্দ বলেন, ১৯৬৮ সালে প্রতিষ্ঠার পর থেকে বহুবার বহু ভাবে উদীচীর উপর হামলা চালানো হয়েছে, উদীচীকে ধ্বংস করে দেয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু উদীচীকে পথভ্রষ্ট করা যায় নি। বরং উদীচী দ্বিগুণ শক্তি নিয়ে গণমানুষের মুক্তির লড়াইয়ে অবিচল থেকেছে। উদীচী গান করে, কবিতা বলে, নাটক করে শোষিত-বঞ্চিত, নিপীড়িত-নির্যাতিত মানুষের মুক্তির জন্য। উদীচীর লড়াই বৈষম্যহীন সমাজ বিনির্মাণের লড়াই, এই লড়াইকে যারা ভয় পায় তারাই বারবার উদীচীর উপর হামলা চালায় উদীচীকে নিশ্চিহ্ন করে দিতে চায়। তারা শুধু উদীচীর শত্রু নয়, পক্ষান্তরে তারা দেশের শত্রু, গণমানুষের শত্রু। বক্তাগণ অশ্রুসিক্ত কণ্ঠে বলেন, গতকাল উদীচীর কার্যালয়ে দেয়া আগুন আমরা সারা দেশের উদীচী শিল্পী কর্মীদের চোখের পানি নিভিয়েছি, আগামীতে আমাদের চোখের অগ্নিবাণে সকল উগ্রবাদী, সাম্প্রদায়িক অপশক্তি ও নব্যফ্যাসিবাদী শক্তিকে আমরা ভস্ম করে দেব।
বক্তাগণ সমাবেশ থেকে অবিলম্বে ব্যার্থ, অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ দাবী করেন। সমাবেশে গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য, খেলাঘর আসর সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সংহতি জানানো হয়।