ওসমান হাদির মৃত্যুতে শনিবার রাষ্ট্রীয় শোক,শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

  • ডেস্ক রিপোর্ট
  • ২০২৫-১২-১৮ ২২:৫৫:২৮
image

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে আগামী শনিবার (২০ ডিসেম্বর) এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এ ঘোষণা দেন।
ভাষণে ড. ইউনূস বলেন, ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে যাদের নাম উঠে আসবে, তাদের সবাইকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করা হবে। একই সঙ্গে তিনি দেশবাসীকে ধৈর্য ধারণের আহ্বান জানান। প্রধান উপদেষ্টা আরও জানান, নিহত ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব রাষ্ট্র গ্রহণ করবে।
রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে শনিবার দেশের সব সরকারি ও আধা সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে বলেও জানান তিনি।
এর আগে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি মারা যান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বৃহস্পতিবার দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেন। একই রাতে রাত ৯টা ৪৬ মিনিটে ইনকিলাব মঞ্চ তাদের ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে হাদির মৃত্যুর খবর জানায়।
উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) ঢাকার পল্টন এলাকায় গুলিবিদ্ধ হন ওসমান হাদি। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে পরবর্তীতে সিঙ্গাপুরে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কী-ওয়ার্ডস:ওসমান হাদি,রাষ্ট্রীয় শোক,ইনকিলাব মঞ্চ