নিরাপত্তা পরিস্থিতির কারণে সাময়িকভাবে বন্ধ থাকা ঢাকার ভারতীয় ভিসা এপ্লিকেশন সেন্টার (আইভ্যাক) পুনরায় চালু করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল থেকে ভিসা সেন্টারের স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে বলে আইভ্যাক কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
এর আগে উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ২টা থেকে রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এ সংক্রান্ত একটি নোটিশ আইভ্যাক বাংলাদেশের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছিল।
নোটিশে জানানো হয়, নিরাপত্তাজনিত কারণে বুধবার দুপুর ২টার পর ভিসা সেন্টারে কোনো ধরনের আবেদন গ্রহণ বা সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালিত হবে না। একই সঙ্গে যেসব আবেদনকারীর ওইদিনের জন্য অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত ছিল, তাদের জন্য পরবর্তী সময়ে নতুন তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে বলেও উল্লেখ করা হয়।
প্রসঙ্গত, বুধবার ঢাকায় জুলাই গণ-অভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সংগঠনের সমন্বয়ে গঠিত মোর্চা ‘জুলাই ঐক্য’ ব্যানারে ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি ঘোষণা করা হয়। ওই কর্মসূচির প্রেক্ষাপটে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় দুপুর থেকে ভারতীয় ভিসা কেন্দ্রের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল।
কী-ওয়ার্ডস:ভারতীয় ভিসা সেন্টার,আইভ্যাক ঢাকা,ভিসা আবেদন