ক্ষমতা হারানোর এক বছর পর মস্কোয় নিঃসঙ্গ অথচ বিলাসী জীবনে বাশার আল-আসাদ

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-১২-১৭ ২২:০৪:০৩
image

সিরিয়ার ক্ষমতা হারানোর এক বছর পেরিয়ে গেলেও রাশিয়ার রাজধানী মস্কোয় সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের জীবন এখনো আলোচনার কেন্দ্রে। বিদ্রোহীদের অভিযানের মুখে ২০২৪ সালের ডিসেম্বর মাসে রাশিয়ায় আশ্রয় নেওয়ার পর থেকে তিনি পরিবারসহ সেখানে বসবাস করছেন বলে জানিয়েছে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান।
প্রতিবেদন অনুযায়ী, আসাদ পরিবার মস্কোর পশ্চিমাংশের অভিজাত রুবলিওভকা এলাকায় অবস্থান করছে—যা রাশিয়ার প্রভাবশালী রাজনীতিক ও ধনকুবেরদের আবাসস্থল হিসেবে পরিচিত। আর্থিক সচ্ছলতা থাকলেও তাদের জীবনযাপন ঘিরে রয়েছে কড়া নিরাপত্তা ও নজরদারি। বাইরের জগতের সঙ্গে যোগাযোগ অত্যন্ত সীমিত এবং রাজনৈতিক বা গণমাধ্যম সংশ্লিষ্ট কোনো কর্মকাণ্ডে অংশ নেওয়ার সুযোগ নেই।
একসময় লন্ডনে প্রশিক্ষণপ্রাপ্ত চক্ষু বিশেষজ্ঞ বাশার আল-আসাদ বর্তমানে রুশ ভাষা শেখার পাশাপাশি আবারও চক্ষুবিজ্ঞানে পড়াশোনা করছেন। রুশ ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, ভবিষ্যতে তিনি পুরোপুরি রাজনীতি থেকে সরে এসে ব্যক্তিগতভাবে চিকিৎসা পেশায় যুক্ত হতে পারেন।
২০১১ সালে সিরিয়ায় সরকারবিরোধী আন্দোলন দমনের সময় পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার প্রেক্ষাপটে আসাদ পরিবারের বিপুল সম্পদ রাশিয়ায় স্থানান্তর করা হয়েছিল বলে ধারণা রয়েছে। তবে বর্তমান বাস্তবতায় ক্রেমলিনের কাছে তিনি আর রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ নন বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
রাশিয়ায় নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত এলব্রুস কুত্রাশেভ জানিয়েছেন, আসাদ নিরাপদে রয়েছেন, কিন্তু তাকে কোনো ধরনের রাজনৈতিক ভূমিকা বা প্রকাশ্য কর্মকাণ্ডে যুক্ত হতে দেওয়া হচ্ছে না। এদিকে মস্কোয় আসার পর স্ত্রী আসমা আল-আসাদের ক্যানসার চিকিৎসাকে কেন্দ্র করে পরিবারটি আবার একত্রিত হয়। চিকিৎসার পর তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এবং সন্তানরাও ধীরে ধীরে মস্কোর জীবনের সঙ্গে মানিয়ে নিচ্ছে।

কী-ওয়ার্ডস:বাশার আল-আসাদ,মস্কো নির্বাসন,সিরিয়া রাজনীতি