লাল-সবুজের স্রোতে স্মৃতিসৌধ,বিজয়ের দিনে শ্রদ্ধা আর উৎসবে একাকার মানুষ

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-১২-১৬ ০৯:৫৮:১২
image

বিজয় দিবস উদ্‌যাপনে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে নেমেছে মানুষের ঢল। নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ সবার পদচারণায় সকাল থেকেই মুখর হয়ে ওঠে স্মৃতিসৌধ এলাকা। শীত উপেক্ষা করে দেশের নানা প্রান্ত থেকে মানুষ ছুটে আসেন মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোরের আলো ফোটার পর থেকেই ফুল হাতে হাজারো মানুষ জাতীয় স্মৃতিসৌধে জড়ো হতে থাকেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শ্রদ্ধা নিবেদন শেষে সর্বসাধারণের জন্য স্মৃতিসৌধ উন্মুক্ত করা হলে আবেগে ভাসতে থাকে পুরো প্রাঙ্গণ। একে একে মানুষ পুষ্পস্তবক অর্পণ করে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান।
সময় বাড়ার সঙ্গে সঙ্গে স্মৃতিসৌধ যেন পরিণত হয় এক মিলনমেলায়। শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কেউ মুখে ও হাতে এঁকেছে লাল-সবুজ, কেউ আবার জাতীয় পতাকা হাতে বিজয়ের আনন্দ ছড়িয়ে দিয়েছে চারপাশে। উৎসবের রঙে রঙিন হয়ে ওঠে পুরো এলাকা।
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধারাও এদিন স্মৃতিসৌধে এসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। কপালে ও পোশাকে লাল-সবুজের ছোঁয়া, হাতে উড়তে থাকা জাতীয় পতাকা-সব মিলিয়ে সৃষ্টি হয় আবেগঘন দৃশ্য। অনেকেই তাদের কাছে গিয়ে সালাম জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এর আগে সকালে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের স্মরণ করেন। শ্রদ্ধা নিবেদনের পর কিছু সময় নীরবে দাঁড়িয়ে থেকে ১৯৭১ সালের বীর শহীদদের আত্মত্যাগ স্মরণ করা হয়। এ সময় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়, বিউগলে বাজে করুণ সুর।
বিজয় দিবসের কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে আয়োজন করা হয়েছে বিশেষ ফ্লাই-পাস্ট ও ব্যান্ড শো। পাশাপাশি স্বাধীনতার ৫৪ বছর উপলক্ষ্যে ‘টিম বাংলাদেশ’-এর ৫৪ জন প্যারাট্রুপার পতাকাবাহী স্কাইডাইভ প্রদর্শনের মাধ্যমে বিশ্বরেকর্ড গড়ার উদ্যোগ নিয়েছে, যা বিজয়ের আনন্দকে দিয়েছে নতুন মাত্রা।

কী-ওয়ার্ডস:বিজয় দিবস,জাতীয় স্মৃতিসৌধ,লাল-সবুজ