জাপোরিঝঝিয়ায় নতুন গ্রাম দখলের দাবি রাশিয়ার,পাল্টা প্রতিরোধের কথা বলছে ইউক্রেন

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-১২-১৫ ০৯:৫০:৩৪
image

ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলের জাপোরিঝঝিয়া অঞ্চলে আরও একটি গ্রাম দখলের দাবি করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, রুশ বাহিনী হুলিয়াইপোল শহরের উত্তর-পশ্চিমে প্রায় ৯ কিলোমিটার দূরে অবস্থিত ভারভারিভকা গ্রাম তাদের নিয়ন্ত্রণে নিয়েছে।
রাশিয়ার ভাষ্য অনুযায়ী, এই অগ্রগতি হুলিয়াইপোল ফ্রন্টলাইনে তাদের সামরিক অবস্থানকে আরও শক্তিশালী করবে। হুলিয়াইপোল শহরটি দীর্ঘদিন ধরেই ইউক্রেন-রাশিয়া সংঘাতের একটি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল এলাকা হিসেবে পরিচিত।
এর আগে গত ১ ডিসেম্বর একটি সামরিক কমান্ড পোস্ট পরিদর্শনের সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফ্রন্টলাইনের পরিস্থিতি জানানো হয়। সে সময় ইস্টার্ন মিলিটারি ডিস্ট্রিক্টের কমান্ডার আন্দ্রেই ইভানায়েভ দাবি করেছিলেন, রুশ সেনারা হুলিয়াইপোলে প্রবেশ করে শহরের উপকণ্ঠে অবস্থান নিয়েছে।
তবে রাশিয়ার সেই দাবির জবাবে ইউক্রেন দ্রুত ভিন্ন বক্তব্য দেয়। ইউক্রেনীয় সামরিক মুখপাত্র ভ্লাদিস্লাভ ভলোশিন টেলিভিশনে জানান, রুশ বাহিনী মূলত হুলিয়াইপোলের যোগাযোগ ও সরবরাহ পথ বিচ্ছিন্ন করার চেষ্টা করছে, তবে শহরটি এখনো ইউক্রেনের নিয়ন্ত্রণে রয়েছে।
ইউক্রেনের জেনারেল স্টাফ এক পৃথক বিবৃতিতে জানিয়েছে, হুলিয়াইপোল শহরসহ আশপাশের তিনটি বসতির দিকে চালানো রুশ বাহিনীর ১৯টি হামলা প্রতিহত করেছে তাদের সেনারা। তবে ওই বিবৃতিতে ভারভারিভকা গ্রামের বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য উল্লেখ করা হয়নি।
চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে রাশিয়ার নতুন গ্রাম দখলের দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

কীওয়ার্ডস:রাশিয়া ইউক্রেন যুদ্ধ,জাপোরিঝঝিয়া ফ্রন্ট,হুলিয়াইপোল সংঘর্ষ