সুদানের আবেই অঞ্চলে জাতিসংঘের একটি শান্তিরক্ষা ঘাঁটিতে সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষী প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৮ জন বাংলাদেশি শান্তিরক্ষী। ঘটনাটি আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি সেনাদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
শনিবার (১৩ ডিসেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানায়, হামলার পরপরই ওই এলাকায় তীব্র সংঘর্ষ শুরু হয়, যা এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। সন্ত্রাসীরা ভারী অস্ত্র ব্যবহার করে ইউএন শান্তিরক্ষা ঘাঁটিতে আক্রমণ চালায় বলে জানানো হয়েছে।
আহত শান্তিরক্ষীদের দ্রুত নিকটবর্তী চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়েছে। একই সঙ্গে পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং অতিরিক্ত শান্তিরক্ষী মোতায়েন করা হয়েছে।
আইএসপিআর জানায়, নিহত বাংলাদেশি শান্তিরক্ষীরা দায়িত্ব পালনের সময় সাহসিকতা ও পেশাদারিত্বের সঙ্গে হামলাকারীদের প্রতিরোধের চেষ্টা করেন। এই নৃশংস হামলার ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনী ও সরকার গভীর শোক প্রকাশের পাশাপাশি তীব্র নিন্দা জানিয়েছে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই সুদানের আবেই অঞ্চল অস্থিরতার মধ্যে রয়েছে। সেখানে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশসহ বিভিন্ন দেশের শান্তিরক্ষীরা জাতিসংঘের অধীনে দায়িত্ব পালন করে আসছেন।
কীওয়ার্ড:সুদান হামলা,বাংলাদেশ শান্তিরক্ষী,ইউএন মিশন