কলকাতায় মেসি-শাহরুখ মুখোমুখি,ভারত সফরের শুরুতেই তারকাখচিত মুহূর্ত

  • স্পোর্টস ডেস্ক
  • ২০২৫-১২-১৩ ১৯:৫২:১৬
image

ভারত সফরের প্রথম দিনেই কলকাতায় মুখোমুখি হয়েছেন ফুটবল মহাতারকা লিওনেল মেসি ও বলিউডের সুপারস্টার শাহরুখ খান। এই সাক্ষাৎ ঘিরে ক্রীড়াঙ্গন ও বিনোদন জগতে আলাদা উচ্ছ্বাস তৈরি হয়েছে।
একটি বন্ধ দরজার বিশেষ অনুষ্ঠানে মেসির সঙ্গে উপস্থিত ছিলেন আর্জেন্টিনার তারকা ফুটবলার লুইস সুয়ারেজ ও রদ্রিগো দে পল। সেখানে অতিথি ও আয়োজকদের সামনে শাহরুখ খানের সঙ্গে তাদের সৌহার্দ্যপূর্ণ কুশল বিনিময় হয়। অনানুষ্ঠানিক এই মুহূর্তকে দুই অঙ্গনের মিলনমেলা হিসেবেই দেখছেন অনেকে।
এদিকে মেসির কলকাতা আগমন উপলক্ষে শহরের সল্টলেক স্টেডিয়ামের কাছাকাছি স্থাপন করা হয়েছে প্রায় ৭০ ফুট উঁচু একটি লোহার মূর্তি। নিরাপত্তাজনিত কারণে মেসি সরাসরি উপস্থিত না থেকে ভার্চুয়ালি মূর্তির উদ্বোধন করেন। আয়োজকদের দাবি, এই মূর্তি কলকাতার ফুটবল আবেগের প্রতীক হয়ে থাকবে।
এক দশকেরও বেশি সময় পর ভারতে পা রাখলেন লিওনেল মেসি। কলকাতার পর তার সফরসূচিতে রয়েছে আরও কয়েকটি শহর। ফুটবলপ্রেমী ভারতের জন্য এই সফরকে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে নতুন করে আলোচনায় ফেরার সুযোগ হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।

কীওয়ার্ড:
মেসি ভারত সফর
শাহরুখ খান
কলকাতা ফুটবল