দুই সপ্তাহের পরিচিত মুখেই হামলা, আশঙ্কাজনক অবস্থায় ঢাকা-৮ প্রার্থী ওসমান হাদী

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-১২-১২ ২১:২১:৫৭
image

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী গুলিবিদ্ধ হওয়ার পর তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. আবু জাফর। শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি জানান, হাদীকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
রাত ৮টা ২০ মিনিটে অ্যাম্বুলেন্স এভারকেয়ার হাসপাতালে পৌঁছায়। জরুরি বিভাগে নেওয়ার পর চিকিৎসকরা তাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণে রেখেছেন।
এদিকে হামলার পেছনে আরও চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। ইনকিলাব মঞ্চের সদস্য মোহাম্মদ ওসামা জানিয়েছেন, মোটরসাইকেলে আসা দুই হামলাকারী দুই সপ্তাহ আগে হাদীর প্রচারণা টিমে যোগ দিয়েছিলেন। মাঝখানে কয়েকদিন তাদের দেখা না গেলেও সম্প্রতি আবার প্রচারণায় যুক্ত হন। তাদের মধ্যে থেকেই একজন গুলি চালায় বলে দাবি করেন তিনি।
ঘটনার পর পুলিশ ও র‍্যাব ঘটনাস্থল থেকে ভিডিও ফুটেজ ও সিসিটিভি সংগ্রহ করছে। তদন্তসংশ্লিষ্ট দুই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, হামলার প্রতিটি দিক খতিয়ে দেখা হচ্ছে।
এর আগে শুক্রবার দুপুরে হাদী গুলিবিদ্ধ হলে তাকে প্রথমে ঢামেকে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হওয়ায় এভারকেয়ারে স্থানান্তর করা হয়।
রাজনৈতিক অঙ্গনে এই হামলার পর নেমে এসেছে তীব্র উদ্বেগ। নির্বাচন ঘিরে নিরাপত্তা পরিস্থিতি নতুনভাবে আলোচনায় এসেছে।

৩টি কীওয়ার্ড:
ওসমান হাদী
নির্বাচনী হামলা
এভারকেয়ার