ঢাকা-৮ প্রার্থী ওসমান হাদী গুলিবিদ্ধ,সহযোদ্ধাদের ক্ষোভ-আশঙ্কা বৃদ্ধি

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-১২-১২ ১৫:২৬:০৪
image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে উত্তেজনা বাড়তেই চলছে, এর মধ্যেই ঢাকার রাজনীতিতে নেমে এসেছে উদ্বেগের ছায়া। ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী মোটরসাইকেল আরোহীদের গুলিতে গুরুতর আহত হয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে এ ঘটনা ঘটার পর রাজনৈতিক অঙ্গনে নেমে আসে তীব্র প্রতিক্রিয়া। জুলাই আন্দোলনের একাধিক নেতাকর্মী ও ঘনিষ্ঠ সহযোদ্ধা সামাজিক যোগাযোগমাধ্যমে হাদীর দ্রুত সুস্থতা কামনা করেছেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম লিখেছেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা মানেই প্রতিযোগিতা, কিন্তু সন্ত্রাস নয়। তার ভাষায়, সরকারকে এখনই কঠোর অবস্থানে যেতে হবে যাতে ভোটের মাঠ নিরাপদ থাকে।
জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও ডাকসুর ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খানও স্ট্যাটাস দিয়ে উদ্বেগ জানান। তিনি দাবি করেন, রাজনৈতিক প্রতিপক্ষকে সরাতে গুপ্ত মিশ চালানো হচ্ছে এবং এটি দেশের সবার নিরাপত্তার জন্য হুমকি।
প্রত্যক্ষদর্শীদের মতে, দুই মোটরসাইকেল আরোহী দ্রুতগতিতে এসে ওসমান হাদীকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। আহত অবস্থায় তাকে তাৎক্ষণিকভাবে ঢামেকে নেওয়া হয়। ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ ফারুক জানান, হাদীর অবস্থা এখনও সংকটাপন্ন এবং তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ঘটনার পর ডাকসুর ভিপি সাদিক কায়েম কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্বাচনের আগের এই হামলা গণতান্ত্রিক পরিবেশকে ভেঙে দিচ্ছে। তিনি দোষীদের দ্রুত গ্রেপ্তার ও নির্বাচনী নিরাপত্তা জোরদারের দাবি জানান।
এই হামলার ঘটনায় রাজনৈতিক মহল, ভোটার ও সাধারণ মানুষের মধ্যে বাড়ছে আতঙ্ক-নির্বাচন ঘিরে সহিংসতা আরও বাড়বে কিনা, সেই প্রশ্নই এখন সবার মনে।

কীওয়ার্ড:
নির্বাচনী হামলা
ওসমান হাদী
ঢাকা–৮