চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে নিখোঁজ যুবকের মরদেহ ভারতে উদ্ধারের দাবি,তদন্ত শুরু করেছে বিজিবি

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-১২-১১ ২০:১২:০৮
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পদ্মাতীরবর্তী বাখের আলী সীমান্তে নিখোঁজ বাংলাদেশী যুবক তোসিকুর ইসলামের(৩২) মরদেহ ভারতের অভ্যন্তরে উদ্ধারের দাবি করেছে তাঁর পরিবার। গতকাল বুধবার(১০ডিসেম্বর)  দুপুরে ভারতীয় পুলিশ  নদীতে তোসিকুরের ভাসমান মরদেহ উদ্ধার করেছে মর্মে জানা গেছে দাবি করে সন্ধ্যায় এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তোসিকুরের বাবা ইব্রাহীম আলী এক ব্যাক্তিকে সাথে নিয়ে বাখের আলী বিওপিতে  উপস্থিত হয়ে অবহিত করেন। এরপর বিজিবি  ঘটনার তদন্ত শুরু করে। তসিকুর বাখের আলী গ্রামের বাসিন্দা। তিনি চোরাচালানে জড়িত ছিলেন বলে স্থানীয় কয়েকটি সূত্র জানিয়েছে।
বিজিবি সূত্র জানায়, এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার(১১ ডিসেম্বর) সকাল ১১টার দিকে সদর উপজেলার জহুরপুর সীমান্তে বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি  প্রতিপক্ষ ৭১ বিএসএফ’র বয়রাঘাট বিএসএফ ক্যাম্প কর্তৃপক্ষকে তোসিকুরের ছবিসহ প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহ করেছে। বিএসএফ বৈঠকে এ ব্যাপারে তদন্তের পর দ্রæত বিস্তারিত বিজিবিকে জানানো হবে বলে জানিয়েছে। তোসিকুর ৩/৪দিন পূর্বে নিখোঁজ হন বলে জানিয়েছে তাঁর পরিবার।
সংশ্লিস্ট চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন(৫৩বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, তোসিকরের বাবার  দেয়া তথ্য মতে,তোসিকুরের মরদেহ সীমান্তে পদ্মার সমান্তরালে প্রবাহিত  ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর থানার ভাগিরথী নদী থেকে উদ্ধার হয়েছে। স্থানটি সীমান্ত থেকে প্রায় ৮ কিলোমিটার ভারতের অভ্যন্তরে। বিএসএফ তোসিকুরের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করলে মরদেহ দ্রæত দেশে ফেরৎ আনার ব্যবস্থা করা হবে।
সংশ্লিস্ট ইঊপি ওয়ার্ড সদস্য নুরুল আসিলাম ছবি বলেন, বুধবার তিনি  ঘটনাটি শুনেছেন। তোসিকুরকে বিএসএফ গুলি করে হত্যা করেছে মর্মে এলাকায় শোনা গেছে। তবে সে কেন ভারতের ভেতরে প্রবেশ করেছিল সে ব্যাপারে তিনি নিশ্চিত কিছু জানাতে পারেন নি।
সংশ্লিস্ট গ্রাম পুলিশ কাজল চন্দ্র শীল বলেন, গত রোববার (৭ ডিসেম্বর) ৪ জন বাংলাদেশী সীমান্তের পদ্মা নদী পার হয়ে ভারতে গরু চোরচালানে যাবার পর অন্যরা পালিয়ে আসলেও বিএসএফর গুলিতে নিহত হন তোসিকুর। তাঁর নিহত হওয়া এবং মরদেহ উদ্ধারের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে বুধবার পরিবার ও গ্রামবাসী জানতে পারেন।
সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) নূরে আলম বলেন, পুলিশে  এ ব্যাপারে কেউ জানায় নি। বিষয়টি খোঁজ করা হবে।