সৌদি লিগে সালাহকে দলে ভেড়াতে নতুন আগ্রহ,জানুয়ারিতেই আলোচনার গতি বাড়তে পারে

  • স্পোর্টস ডেস্ক
  • ২০২৫-১২-১১ ০৯:৪৩:৫২
image

লিভারপুল ফরোয়ার্ড মোহামেদ সালাহকে দলে নেওয়ার পরিকল্পনা আবারও জোরালো করেছে সৌদি প্রো লিগের কয়েকটি ক্লাব। ওয়ার্ল্ড ফুটবল সামিটে লিগের প্রধান নির্বাহী ওমর মুগারবেল নিশ্চিত করেছেন, সালাহ এখনো সৌদি ক্লাবগুলোর আলোচিত টার্গেটের তালিকায় আছেন।
সাম্প্রতিক সময়ে লিভারপুলে কঠিন সময় পার করছেন ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড। কোচ আর্নে স্লটের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের পর তাকে বাদ দেওয়া হয় ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচ থেকে। ক্লাবের দুর্বল ফর্মের সময় সালাহ অভিযোগ করেছিলেন যে তাকে ইচ্ছাকৃতভাবে বলির পাঁঠা বানানো হচ্ছে, যা দল–ব্যবস্থাপনার সঙ্গে সম্পর্ক আরও জটিল করে তোলে।
মুগারবেল বলেন, মোহামেদ সালাহ সৌদি লিগে স্বাগত এবং তাকে নিয়ে আগ্রহ খুবই স্বাভাবিক। তবে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ক্লাবগুলোর। তার ভাষায়, সালাহ আমাদের লক্ষ্যে থাকা খেলোয়াড়দের একজন।
অতীতেও সৌদি ক্লাবগুলো সালাহকে মোটা অঙ্কের প্রস্তাব দিতে চেয়েছিল। শীতকালীন ট্রান্সফার উইন্ডো সামনে রেখে ফের গতি পেয়েছে আলোচনা। জানুয়ারিতে সৌদি লিগে যোগ দেওয়া নিয়ে প্রশ্ন করা হলে সালাহ সরাসরি মন্তব্য না করে জানান, এর উত্তর দিলে লিভারপুল ভিন্নভাবে নিতে পারে।
তবে সব ক্লাব তাকে দলে নিতে আগ্রহী নয়। আল খোলুদ চেয়ারম্যান বেন হারবার্গ জানিয়েছেন, সালাহকে তারা উপযুক্ত মনে করেন না। তার বক্তব্যে, ৩৩ বছর বয়সে সালাহ আগের মতো পারফর্ম করছেন না এবং ক্লাবটি ভবিষ্যৎ প্রজন্মের তরুণ ফুটবলারদের দিকে বেশি নজর দিচ্ছে। এমনকি সালাহ ও ভিনিসিয়াসের মধ্যে বেছে নিতে হলে তিনি ভিনিসিয়াসকেই প্রাধান্য দেবেন বলেও মন্তব্য করেছেন।

কীওয়ার্ডস: সালাহ ট্রান্সফার, সৌদি লিগ, লিভারপুল সংকট