অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার আকস্মিক পদত্যাগ, আলোচনায় ছাত্র প্রতিনিধি কোটা

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-১২-১০ ২২:২৮:৩০
image

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে বড় ধরনের পরিবর্তন এসেছে। ছাত্র প্রতিনিধি থেকে উঠে আসা দুই উপদেষ্টা-মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া-বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন। প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে।
জুলাইয়ের গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র আন্দোলনকারীদের মধ্য থেকে এই দুজন অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে যুক্ত হয়েছিলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন মাহফুজ আলম, আর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়সহ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছিলেন আসিফ মাহমুদ।
২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয়। তখন ২৩ সদস্যের উপদেষ্টা পরিষদে ছাত্র আন্দোলনের তিন প্রতিনিধিকে স্থান দেওয়া হয়। এর মধ্যে নাহিদ ইসলাম চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি পদত্যাগ করেন। এবার আরো দুই ছাত্র প্রতিনিধি পদ ছাড়ায় পরিষদে সেই কোটা শূন্য হয়ে গেল।
মাহফুজ আলম প্রথমে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে যোগ দেন ২৮ আগস্ট। পরে ১০ নভেম্বর উপদেষ্টা হিসেবে শপথ নেন এবং নাহিদ ইসলামের পদত্যাগের পর তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পান। অন্যদিকে আসিফ মাহমুদ শুরুতে শ্রম ও যুব–ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পান। পরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ও তার অধীনে যোগ হয়।
তাদের পদত্যাগের কারণ আনুষ্ঠানিকভাবে জানানো না হলেও রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে নানা বিশ্লেষণ চলছে। উপদেষ্টা পরিষদের পুনর্গঠন বা নতুন করে ছাত্র নেতৃত্ব অন্তর্ভুক্তি নিয়ে জল্পনা আরও বাড়ছে।

কী–ওয়ার্ডসঃ পদত্যাগ,অন্তর্বর্তী সরকার,ছাত্র প্রতিনিধি