মো শা হে দ চৌ ধু রী

  • তোমার উপস্থিতির আলো
  • ২০২৫-১২-০৯ ২৩:১৫:২৬
image

তোমাকে দেখে কত খুশি হয়েছি তা তুমি জানো না
মনে হলো বহু প্রতীক্ষার শেষে আজ
এসে দাঁড়িয়ে রয়েছো আমার সমুখে।
নদী যেমন হঠাৎ বৃষ্টির প্রথম ফোঁটায় প্রাণ পায়
তেমনই শিহরন জাগলো আমার তনুর মজ্জায় ।

তোমার চোখে লুকানো আলোর বিচ্ছুরণ 
ক্লান্ত দিনের অন্ধকার গলিপথ ভেঙে ভেঙে
একটা নতুন আকাশ এঁকে দেয়
একটা বিশাল পৃথিবীর সমান হয়ে যায়।

তোমার কণ্ঠস্বরে যে মাদকতা আছে
আমার সব একাকিত্বকে নীরব সংগীতে পরিণত করে।
তোমার দিকে তাকালে হারানো বিশ্বাসকে খুঁজে পাই,
যেন ভাঙা তুলিতে আবার রঙের ছোঁয়া লাগে।

হয়তো কোনোদিন জানবে না
আমার প্রতিটি আনন্দ, প্রতিটি অনুভবের দেওয়াল
উচ্চারিত তোমার নামের প্রতিধ্বনি তোলে নিঃশব্দে।
তখন বুঝি সবকিছুর শেষে পৃথিবীর ব্যস্ততা কাটিয়ে
কেউ একজন অপেক্ষা করে শুধুই আমার জন্য।