খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত,লন্ডন যাত্রা আবার স্থগিত

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-১২-০৯ ১১:২৬:৪৪
image

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থায় উল্লেখযোগ্য উন্নতি না হওয়ায় আজ লন্ডনে নেওয়ার নির্ধারিত পরিকল্পনা আবার স্থগিত করা হয়েছে। এয়ার অ্যাম্বুলেন্সের শিডিউল দুই দফা পিছিয়ে যাওয়ায় আপাতত ঢাকাতেই তার উন্নত চিকিৎসা চালিয়ে যাচ্ছে মেডিকেল বোর্ড।
বোর্ডের চিকিৎসকদের মতে, খালেদা জিয়ার বর্তমান অবস্থা ১২-১৪ ঘণ্টা দীর্ঘ বিমানযাত্রার উপযোগী নয়। প্রতিদিনই তাকে অ্যাডভান্স চিকিৎসা দেওয়া হলেও একাধিক জটিলতা নিয়ন্ত্রণে রাখতে হচ্ছে চিকিৎসকদের। লিভার সমস্যা নিয়ন্ত্রণে এলেও কিডনির ক্রিয়েটিনিনের মাত্রা ঝুঁকিপূর্ণ সীমা অতিক্রম করায় নিয়মিত ডায়ালাইসিস দিতে হচ্ছে। ডায়ালাইসিস বন্ধ রাখলেই অবস্থার অবনতি ঘটে।
এক চিকিৎসক জানান, সিসিইউতে নেওয়ার পর সামান্য উন্নতি দেখা গেলেও পরিস্থিতি স্থিতিশীল নয়। বয়সজনিত কারণে সেরে ওঠার অগ্রগতি খুবই ধীর। প্রতিদিন পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট অনুযায়ী ওষুধের মাত্রা কমানো-বাড়ানো হচ্ছে। এদিকে পুত্রবধূ ডা. জোবাইদা রহমান দেশে ফিরে নিয়মিত চিকিৎসা সমন্বয় করছেন।
পরিবারের সদস্যরা সার্বক্ষণিক হাসপাতালে অবস্থান করে খালেদা জিয়ার সেবাযত্নে সহায়তা করছেন। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও চীনের বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল বোর্ড এভারকেয়ার হাসপাতালে তার চিকিৎসা তদারকি করছে। গুলশানের বাসা থেকে প্রতিদিন তার জন্য বিশেষ খাদ্য পাঠানো হচ্ছে।
এদিকে অপারেটরের অনুরোধে আজকের নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাইট বাতিল করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। ফলে খালেদা জিয়ার লন্ডনযাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে। বিএনপি নেতারা বলছেন, বিদেশে নেওয়ার সিদ্ধান্ত সম্পূর্ণ নির্ভর করবে তার শারীরিক অবস্থার উন্নতির ওপর।
তার দ্রুত সুস্থতা কামনায় বিভিন্ন স্থানে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।

কীওয়ার্ড:
খালেদা জিয়া
এয়ার অ্যাম্বুলেন্স
চিকিৎসা আপডেট