ভারত থেকে চাল আমদানিতে কঠোর শুল্কের ইঙ্গিত দিলেন ট্রাম্প প্রশাসন

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-১২-০৯ ১১:০৫:৫০
image

ভারত-মার্কিন বাণিজ্য সম্পর্ক আবারও উত্তেজনার মুখে। চলমান আলোচনায় অগ্রগতি না হওয়ায় ভারত থেকে চাল আমদানির ওপর নতুন শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে অনুষ্ঠিত এক অর্থনীতি–বিষয়ক বৈঠকে তিনি এ বিষয়ে কঠোর অবস্থান জানান।
সভায় ট্রাম্প বলেন, ভারত থেকে চাল এবং কানাডা থেকে সার আমদানির কারণে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। দীর্ঘদিন ধরে আলোচনায় অচলাবস্থা বিরাজ করায় তার প্রশাসন এই দুই পণ্যেই নতুন শুল্ক আরোপের কথা বিবেচনা করছে। তিনি অভিযোগ করেন, আমদানিকৃত কৃষিপণ্য মার্কিন উৎপাদকদের জন্য বড় ধরনের বাজার সংকট তৈরি করেছে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বৈঠকে মার্কিন কৃষকদের জন্য কয়েকশ’ কোটি ডলারের নতুন ত্রাণ প্যাকেজ ঘোষণা করেন ট্রাম্প। তিনি স্পষ্ট করে জানান, দেশীয় কৃষিকে রক্ষায় শুল্ক হবে তার সবচেয়ে কার্যকর অস্ত্র। তার দাবি, যুক্তরাষ্ট্র যে বিপুল পরিমাণ শুল্ক রাজস্ব সংগ্রহ করছে, তার মাধ্যমে কৃষকদের জন্য ১২ বিলিয়ন ডলার সহায়তা দেওয়া সম্ভব হবে।
আলোচনার এক পর্যায়ে মার্কিন দক্ষিণাঞ্চলের এক চাল উৎপাদক অভিযোগ করেন যে ভারতীয় চাল বাজারে ‘ধ্বংসাত্মক’ প্রভাব ফেলছে। এমনকি মার্কিন খুচরা বাজারে বিক্রি হওয়া শীর্ষ দুটি চাল ব্র্যান্ডই ভারতীয় কোম্পানির মালিকানাধীন-এ তথ্য তুলে ধরা হলে ট্রাম্প বলেন, “আমরা বিষয়টি দেখছি। শুল্ক আরোপ করলে কয়েক মিনিটেই সমাধান হয়ে যাবে।”
তিনি আরও অভিযোগ করেন, ভারত বাজারে ‘ডাম্পিং’ করছে, যা গ্রহণযোগ্য নয়। একই বৈঠকে কানাডা থেকে আমদানি করা সার পণ্যেও কঠোর শুল্ক আরোপের ইঙ্গিত দেন তিনি।
গত এক দশকে ভারত–মার্কিন কৃষি বাণিজ্য দ্রুত বৃদ্ধি পেয়েছে। যুক্তরাষ্ট্রে ভারত বাসমতি চাল, মসলা, সামুদ্রিক খাদ্যসহ বিভিন্ন কৃষিপণ্য রপ্তানি করে। অপরদিকে যুক্তরাষ্ট্র থেকে বাদাম, তুলা ও ডাল আমদানি করে ভারত। তবে ভর্তুকি, বাজার প্রবেশাধিকার এবং ডব্লিউটিও-সংক্রান্ত অভিযোগ দুই দেশের মধ্যে বাণিজ্য আলোচনাকে বারবার জটিল করে তুলছে—বিশেষ করে চাল রপ্তানি ও চিনি ভর্তুকি নিয়ে দ্বিপক্ষীয় টানাপোড়েন দীর্ঘদিনের।
ট্রাম্পের সর্বশেষ মন্তব্যে ইঙ্গিত মিলছে-দুই দেশের কৃষি বাণিজ্যে নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে, যদি ওয়াশিংটন নতুন শুল্ক নীতি বাস্তবায়নে এগিয়ে যায়।

কীওয়ার্ড:
ট্রাম্প শুল্ক
ভারতীয় চাল
মার্কিন বাণিজ্য সংকট