সড়ক দুর্ঘটনায় পঙ্গুদের পাশে নিসচা: বগুড়ায় ৭ জনকে হুইলচেয়ার ও ক্রাচ সহায়তা

  • বগুড়া প্রতিনিধি
  • ২০২৫-১২-০৮ ২৩:২৪:০০
image

সড়ক দুর্ঘটনায় জীবন ও স্বাভাবিক চলার শক্তি হারানো মানুষের কষ্ট ভাষায় বোঝানো কঠিন। পঙ্গুত্ব অনেকের জীবনে দুঃসহ বাস্তবতা হয়ে আসে। এই অসহায় মানুষদের পাশে দাঁড়াতে নিরাপদ সড়ক চাই (নিসচা) আবারও দেখাল মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত।
নিসচা কানাডা শাখার অর্থায়নে এবং নিসচা উত্তরা শাখার সার্বিক সহযোগিতায় বগুড়ায় ৭ জন সড়ক দুর্ঘটনায় পঙ্গু হওয়া ব্যক্তির মাঝে হুইলচেয়ার ও হ্যান্ড ক্রাচ বিতরণ করা হয়। সোমবার বিকেল ৪টায় মালতিনগর মাটির মসজিদ সংলগ্ন নিসচা বগুড়া জেলা শাখার অস্থায়ী কার্যালয়ে এ মানবিক উদ্যোগ নেওয়া হয়।
অনুষ্ঠানের শুরুতে নিসচা প্রতিষ্ঠাতা ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের সুস্থতা কামনা করে দোয়া করা হয়। এরপর অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিসচা কেন্দ্রীয় কমিটির মহাসচিব এস এম আজাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন হাইওয়ে অতিরিক্ত এসপি উদয় কুমার শাহা ও নিসচা কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক মো. আনোয়ার হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে এস এম আজাদ হোসেন বলেন, “নিসচা শুধু দুর্ঘটনা প্রতিরোধে কাজ করে না; দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। দেশের প্রতিটি জেলায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়া আমাদের স্বপ্ন।”
তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় শরীর ক্ষতিগ্রস্ত হলেও মানুষের মর্যাদা, আত্মসম্মান ও ইচ্ছাশক্তি কখনো কমে না। হুইলচেয়ার শুধু চলার মাধ্যম নয়-এটি নতুন পথে এগিয়ে যাওয়ার প্রতীক। দুর্ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা লড়াই চালিয়ে যাচ্ছেন-তাই তারা সমাজের জন্য অনুপ্রেরণা।
বিশেষ অতিথি উদয় কুমার শাহা বলেন, “এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলে। হাইওয়ে পুলিশ সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে, তবে সচেতনতা না বাড়লে দুর্ঘটনা কমানো কঠিন।”
তিনি আরও বলেন, অতিরিক্ত গতি, ভুল ওভারটেকিংসহ ছোট ছোট ভুলই বড় দুর্ঘটনার কারণ হয়। তাই আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিসচার কাজ এসব প্রয়াসকে আরও শক্তিশালী করে।
অর্থ সম্পাদক মো. আনোয়ার হোসেন বলেন, “হুইলচেয়ার একটি উপহার নয়-এটি নতুন করে জীবনে ফিরে আসার শক্তি। নিসচা প্রতিষ্ঠার পর ৩২ বছরে দেশের প্রতিটি জেলায় কাজ করেছে। লক্ষ্য একটাই-দুর্ঘটনামুক্ত বাংলাদেশ গড়া।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিসচা বগুড়া শাখার উপদেষ্টা মোস্তাফিজার রহমান, সাধারণ সম্পাদক মো. রকিবুল ইসলাম সোহাগসহ সংগঠনের বিভিন্ন পদাধিকারী। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন নিসচা কানাডা শাখার সভাপতি সাজ্জাদ হোসেন, সাধারণ সম্পাদক সামি খান, মহিলা বিষয়ক সম্পাদক নাহিদ বেলি, এবং উত্তরা শাখার এনায়েত উল্লাহ খন্দকার।
সড়ক দুর্ঘটনায় পঙ্গু হওয়া মোট ৭ জনের মাঝে হুইলচেয়ার বিতরণের মাধ্যমে নিসচা আবারও প্রমাণ করলো-মানুষই মানুষের জন্য।

কীওয়ার্ড:
নিসচা সহায়তা
হুইলচেয়ার বিতরণ
বগুড়া দুর্ঘটনা সহায়তা