বহুদিন ধরেই আলোচনা চলছিল-শেষ পর্যন্ত সেটিই সত্য হলো। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফিফা শান্তি পুরস্কার প্রদান করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। শুক্রবার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে সংগঠনটি।
ফিফার বিবৃতিতে বলা হয়, ফুটবল শান্তি ও ঐক্যের প্রতীক। বিশ্বজুড়ে যেসব ব্যক্তি সংঘাত কমাতে ও আলোচনার মাধ্যমে মানুষকে কাছে আনতে ভূমিকা রাখছেন, তাদের স্বীকৃতি দেওয়াই এ পুরস্কারের মূল উদ্দেশ্য। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো জানান, “বিশ্বজুড়ে অস্থিরতার মধ্যে যারা শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখছেন, তাদের সম্মান জানানো সময়ের দাবি।”
ফিফা জানায়, গত এক বছরে আন্তর্জাতিক শান্তি প্রচেষ্টায় ট্রাম্প উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। বিশেষ করে 'আব্রাহাম অ্যাকর্ড', 'রুয়ান্ডা-ডিআর কঙ্গো', 'কম্বোডিয়া-থাইল্যান্ড',কসভো-সার্বিয়া',ভারত-পাকিস্তান,মিসর-ইথিওপিয়া,আর্মেনিয়া-আজারবাইজান' এবং 'ইসরায়েল-হামাস' বিরোধে শান্তি উদ্যোগের জন্য তাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। পাশাপাশি 'রাশিয়া-ইউক্রেন যুদ্ধ' থামাতে তার অব্যাহত প্রচেষ্টার কথাও উল্লেখ করা হয়।
ইনফান্তিনো সম্প্রতি বলেন, ইসরায়েল-গাজা যুদ্ধবিরতির পর তার বিশ্বাস আরও পোক্ত হয়েছে যে, ট্রাম্প নোবেল শান্তি পুরস্কারের যোগ্য কাজ করে যাচ্ছেন।
তবে এই পুরস্কারকে ঘিরে বিতর্কও শুরু হয়েছে। 'নিউ ইয়র্ক টাইমস' জানায়, ট্রাম্প যদিও দাবি করেন তিনি আটটি যুদ্ধ বন্ধ করেছেন, তবে তার ভূমিকা ও সাফল্য নিয়ে আন্তর্জাতিক মহলে প্রশ্ন রয়েছে। আরও জানা গেছে, ফিফা কীভাবে মনোনয়ন বা মূল্যায়ন করেছে-সেই প্রক্রিয়া প্রকাশ করেনি। এ নিয়ে মানবাধিকার সংস্থা 'হিউম্যান রাইটস ওয়াচ' ব্যাখ্যা চেয়ে চিঠি পাঠালেও ফিফা কোনও উত্তর দেয়নি।
পুরস্কার ঘোষণার পর ফুটবল মহল ও আন্তর্জাতিক কূটনীতিতে বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
কীওয়ার্ডঃ
ট্রাম্প শান্তি পুরস্কার
ফিফা ঘোষণা
আন্তর্জাতিক কূটনীতি