পাকিস্তানের প্রথম প্রতিরক্ষা বাহিনী প্রধান হিসেবে আসিম মুনির নিয়োগ

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-১২-০৫ ১১:১৩:৩৪
image

পাকিস্তানের সামরিক কাঠামোয় বড় পরিবর্তন এনে প্রথমবারের মতো প্রতিরক্ষা বাহিনীর প্রধান (সিডিএফ) হিসেবে নিয়োগ পেলেন দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। বৃহস্পতিবার স্থানীয় সময় প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের পাঠানো সারসংক্ষেপ অনুমোদন করে এই নিয়োগ চূড়ান্ত করেন। এর মাধ্যমে পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থায় নতুন অধ্যায় সূচিত হলো।
সম্প্রতি সংবিধানের ২৭তম সংশোধনীর মাধ্যমে ‘প্রতিরক্ষা বাহিনীর প্রধান’ নামে একটি নতুন পদ সৃষ্টি করা হয়। এই পদ থেকেই সেনা, নৌ ও বিমান-তিন বাহিনীর পূর্ণাঙ্গ সমন্বয় ও তত্ত্বাবধান করা হবে। চলতি বছরের শেষ দিকে আসিম মুনিরের সেনাপ্রধানের মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও নতুন কাঠামোর আওতায় তাকে আরও পাঁচ বছরের জন্য এই নতুন পদে নিয়োগ দেওয়া হয়েছে।
গত মে মাসে ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা পরবর্তী সামরিক পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে তাকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করা হয়। পাকিস্তানের ইতিহাসে এটি দ্বিতীয়বার; এর আগে একমাত্র ফিল্ড মার্শাল ছিলেন আইয়ুব খান।
নতুন দায়িত্ব ঘোষণা হওয়ার অল্প কিছুক্ষণ আগে আসিম মুনির বলেন, পাকিস্তান নতুন সামরিক কাঠামোর মাধ্যমে আরও শক্তিশালী প্রতিরক্ষা সক্ষমতার দিকে এগোচ্ছে। অন্যদিকে পৃথক এক আদেশে বিমানবাহিনী প্রধান জহির আহমেদ বাবর সিধুর মেয়াদ আরও দুই বছর বাড়ানোর অনুমোদন দিয়েছেন প্রেসিডেন্ট জারদারি। তার বর্তমান পাঁচ বছরের মেয়াদ ২০২৬ সালের মার্চে শেষ হবে; এরপর নতুন মেয়াদ কার্যকর হবে।
পদোন্নতি ও নতুন কাঠামো তৈরির মধ্য দিয়ে পাকিস্তান তার প্রতিরক্ষা ব্যবস্থায় দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা ও সমন্বয় নিশ্চিত করতে চায় বলে বিশ্লেষকদের মত।

কীওয়ার্ডঃ
সিডিএফ নিয়োগ
আসিম মুনির
পাকিস্তান সামরিক কাঠামো